আমি এতদিন আমার নিজের লেখাই আমার ব্লগে দিয়েছি। আজ থেকে আমার অফিসের নুরুল আমিন স্যার এর লেখা একটি (আজকাল প্রকাশনী হতে সদ্য প্রকাশিত) উপন্যাস “নিলু” আপনাদের সবার জন্য খন্ড আকারে দেয়া শুরু করলাম।
সবার অবগতির জন্য বলছি স্যারের ব্লগে এখনো বিচরন শুরু হয়নি। কিন্তু ব্লগের সবার মাঝে তার লেখা গুলো নিয়ে আগমনের আগ্রহ থেকে এবং তার সম্পুর্ন সম্মতি নিয়েই এই লেখা শেয়ার এর পরিকল্পনা। আরও একটা বিষয় হল আপনাদের মন্তব্য এর জবাব আমি স্যার এর কাছ থেকে সংগ্রহ করেই আপনাদের মাঝে থাকব।
(গভীর দৃষ্টি দিয়ে জীবনকে যারা দেখেন, ভালোবাসেন- এ গ্রনহ তাদের জন্য। যারা আনন্দ ছড়িয়ে স্মৃতির ধুলোয় জীবনের ইতিহাস রচনা করেন এ গ্রন্থ তাদের জন্য।
নিলু একজন সংগ্রামী মানুষের নাম। যিনি তার ভাললাগা মন্দ লাগা কে কেন্দ্র করে হঠাৎ বাড়ি থেকে বের হয়ে যান এবং হাসপাতালে ভর্তি হন। এ হল শূন্যতা থেকে জীবনকে পাওয়ার এক অলৌকিক যাত্রা। এভাবে হয়তবা পেয়েও যান একজনকে যার নাম যুবরাজ। যার উপচে পড়া সৌন্দর্যের বর্ণিল ছটায় মুগ্ধ হয়ে ভেসে যেতে থাকেন।
তার ভাই নজরুল যিনি হয়ে ওঠেন এ যাত্রার মধ্যমণি। যিনি তার সকল কর্মকন্ডকে প্রায় বাধাহীন করে তোলেন আর কাছের মানুষকে সহজে বিশ্বাস করেন। সেই মানুষটিও একসময় সব হারিয়ে নিঃস্ব হয়ে বসে থাকেন অথচ ভাবেন হারেননি একবিন্দুও।
অদ্ভুত চরিত্রের আর এক মানুষ আছেন, যিনি কোটিপতি হতে চান সহজ পন্থায়। যার প্রতি সবার আস্থা ইনিই হবেন অনন্য, দায়বদ্ধ, মানবিক গুনসম্পন্ন নেতৃত্বের একজন। অথচ তিনিও সবার আশা আকংখাকে ধুকিস্যাৎ করে দিয়ে হয়ে ওঠেন চরম এক অবিবেচক। যা মানা যায় না, সহ্য করা যায় না। অনেক ভেবে নিলু প্রতিজ্ঞা করেন- একে ছেড়ে চলে যাবেন চির দিনের মত। কিন্ত বাস্তবে কি হল? পড়ুন,)
২
মোবারক হোসেন যখন বাড়ি বিচ্ছিন্ন হয়ে ঢাকা শহরে আসেন তখন অনেকটা মহাকাশ থেকে ছিটকে পড়া একখণ্ড উল্কাপিণ্ডের সাথে নিজেকে তুলনা করেন। শরীর-মন ছিল পোড়া আর জ্বালাময়। তখন এই পৃথিবীতে একখণ্ড জায়গা করা কত কঠিন। কে তাকে আশ্রয় দেয়। কে তাকে সাহস যোগায়। ওঠ মোবারক, শক্ত হও। তোমার ভবিষ্যৎ তোমার হাতে। ভেঙে পড়ো না। ক্লান্ত শরীর নিয়ে ঝিমিয়ে পড়ো না। তোমাকে না যেতে হবে অনেক দূর। ঘুরতে ঘুরতে ছিটকে পড়েছ, জেনে রাখ এ একধরনের নিয়তি। মন খারাপ করো না। উদ্বিগ্ন হয়ো না। হয়তো একা হয়ে পড়েছ। তাতে কি। যাকে বড় কাছের মানুষ মনে করেছ, সেই তোমাকে দেখে সরে যাচ্ছে। তাই না! ভেবো না চেষ্টা চালাও। সঙ্কটকে স্বচ্ছন্দে মোকাবেলা কর। এমনভাবে অতিক্রম কর যেন তোমার কিছু হয়নি। যেন তোমার যোগ্যতা আরো উজ্জ্বল হয়ে ফুটে ওঠে। সাহসী সংগ্রামী তুমি। তোমার স্মৃতিতো গৌরবময় অতীতে ভরা। তা হলে কেন? এটা দীর্ঘ নয়। অতি অল্প। কারণ সঙ্কটকাল অতি অল্পই হয়ে থাকে। নিজের গ্রহণযোগ্যতাকে অন্যের কাছে বাড়িয়ে দাও। মানুষ এমনি এসে তোমার পিছনে ঘিরে ধরবে। স্বার্থহীনভাবে ঢেলে যাও তোমার সাধ্য। ধৈর্যের সাথে নিজের অস্তিত্বের মোকাবেলা কর। জীবনটাকে খেলা মনে কর। তাহলেই হলো। এত গম্ভীর হবার দরকার নেই। কারণ তুমিতো বীর নও। নও অতি মর্যাদাবান। নিজেকে সামান্য ভাব। জয়ী হবার চেষ্টা কর। চর্চার মাধ্যমে উৎকর্ষতাকে বাড়িয়ে তোল। তোমার চেয়ে অতি হীন সাপ, ব্যাঙ, গুবরে পোকারা জীবনটাকে খেলা মনে করে। তারা যতক্ষণ মাঠে থাকে, আনন্দে থাকে। কোনো দিকে না তাকিয়ে একটানা কাজ করে যাও। তাতেই জীবন পূর্ণ হবে। চোখ খুলে তাকাও। দেখবে দুনিয়ার সকল অস্তিত্ব তোমার মতো ব্যস্ততাকে নিয়ে ছুটে চলেছে।
তখনকার দিনে ডায়েরির পাতায় পাতায় এসব কথা বড় যতেœর সাথে লেখা আছে। বড় স্মৃতি আন্দোলিত করা কথা। একনজর চোখ বুলিয়ে গেলে নিলু সহজে তা অনুমান করতে পারে। পর্যায়ক্রমে তিনি এসব লিখে গেছেন মনোমুগ্ধকর ভাষায়, অন্তরের উপলব্ধি দিয়ে।
* * * * *
নিলুর বাবা মোবারক সাহেবের ডায়েরি থেকে আরো কিছু কথা আমরা উদ্ধার করতে পারি :
বাবা তাকে বিয়ে দিতে রাজি হন কিছু প্রাপ্তির লোভে। তখনকার দিনে সব বিষয়কে গর্ব আর অধিকার হিসেবে ধরা হত। কিন্তু বাবার চিন্তাভাবনার সাথে এসবের মিল ছিল সামান্য। তাই তিনি ওসব উড়িয়ে দিতে চাইতেন। তখন পর্যন্ত তার ভালোবাসার মানুষ নির্ধারিত হয়নি। যার কারণে বাবার সাথে তার মতবিরোধ চরমে ওঠে। জীবনে সংঘাত আসে অবধারিতভাবে। তিনি তার বাবার হাসি হাসি মুখের প্রতিশ্র“তির কথা মনোযোগ দিয়ে শোনেন। বিয়ের কথায় ছেলে কিনা নমনীয় হবে। উচ্ছ্বাসে ভাষা হারিয়ে ফেলবে তা না। বরং তিনি ছেলের অনমনীয় এবং জেদি ভাব দেখে গম্ভীর হয়ে পড়েন। যতই তিনি ছেলের সমর্থন আদায়ে নানা চেষ্টা অব্যাহত রাখেন ততই ছেলের ভিতরে সাংঘাতিক বিরুদ্ধভাব চাঙ্গা হয়ে ওঠে। ক্ষুব্ধ ছেলের মুখের দিকে তাকানো যায় না। এত কিছুর পরও হেমায়েতপুরের নায়েবের ৬ বিঘা ধানিজমি উপঢৌকনের কথা ভুলতে পারেন না। মহা আফসোসে আক্রোশে ছেলেকে তীব্র ভাষায় অবাধ্য, নির্বোধ এসব গালি দিতে থাকেন। ছেলের উদাসীনতায় এত সম্পদ হাতছাড়া হচ্ছে। তার সিদ্ধান্তের বাইরে চলে যাবার জন্য ছেলের কর্মকাণ্ডকে তীব্র ভাষায় তিরস্কার করেন।
ছেলে তার পশ্চিম পাকিস্তান থেকে লেখাপড়া করে এসেছে। এই অহঙ্কার তিনি হাজার জনকে বিলি করে শোনান। সেই অহঙ্কার যে ক্রমে তাকে আহত করবে, এভাবে দুর্বল করবে, অসন্তুষ্ট মনে ফ্যাকাশে হয়ে ওঠেন। বাবার এই নাখোশ হওয়া ম্লান মুখ দেখে তার বড় বোনের মুখেও ম্লান ছায়া পড়ে। সহ্য করতে পারেন না। ক্রোধে ফেটে পড়েন ছোট ভাইয়ের উপর। নিজেকে আর ধরে রাখতে না পেরে ছোট ভাইকে শাসান, বকেঝকে উচ্চ গলায় চিৎকার করেন। হাতের কাছে যা পান তাই নিয়ে মারতে ছোটেন। এই ছ্যারার কিসের এত জেদ। বাবার কথা তুই মানবি না। দেখি তুই কত্ত বড় মরদ হয়েছিস। ছোটকালের দুষ্ট অভ্যাসের মতো ক্ষমা না করে ক্রোধের বশে মারতে থাকেন। তিনিও কোনোরকম মার প্রতিহত না করে দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন। বড় বোন রাগের বশে এমন ঝাড়–পেটা করবেন, বাঁশের ঝাঁটার খাটির আঘাতে সুন্দর মুখের ত্বক ক্ষতবিক্ষত হয়। গালে ও পাছায় টোপা টোপা লাল দাগ পড়ে।
কর্কশ গলায় গর্জন করতে থাকেন। দেশ-বিদেশ ঘুরে এ ছেলে যে এত দুর্দান্ত হয়েছে কোনোদিনই তোমরা এর সাথে পারবে না। পরে বুঝবেন। দেখেন না, এত করে বকাঝকা করলাম, তবু মাটি থেকে একবিন্দু সরেছে নাকি। ও কি রকম মানুষ দেখেছেন। এখন আর কিছু বলব না। এই সোনার ছেলে বড় হয়ে যে কি করবে তা জানা হয়ে গেছে। এই কথা বলতে বলতে তিনি পাশের গ্রামে শ্বশুর বাড়ির দিকে জোর পায়ে হাঁটতে থাকেন। যেন তিনি মনের দিক থেকে ছোট হয়ে গেছেন।
ঘটনাটা তার মায়ের এবং বড় ভাইয়ের সামনে ঘটায় মোবারক মার দিকে কোমল দৃষ্টিতে চেয়ে থাকেন। স্পষ্টতই বুঝতে পারেন যে, দীর্ঘদিন এই বাড়িতে অনুপস্থিতি তার বিরুদ্ধে ইন্ধন যুগিয়ে বিষোদগার করা হয়েছে। অভিমানে অপমানে এতটাই কুঁকড়ে যান, মনে মনে এই প্রতিজ্ঞা করেন যে, এই বাড়িতে বেশিদিন থাকার দিন তবে শেষ হয়ে গেছে। এই বাড়িতে বসবাস করার আশা তার কোনোদিনই ছিল না। ক্ষোভে-দুঃখে থর থর করে তার ঠোঁট নিয়ন্ত্রণহীনভাবে কাঁপতে থাকে। এই দৃশ্য যখন মার চোখে পড়ে, সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো হঠাৎ বুক ফেটে কাঁদতে থাকেন। ছেলে চোখের পানি ধরে রাখতে পারছে না দেখে মা-ও চোখের পানি ধরে রাখতে পারছেন না। মা আঁচল দিয়ে মুখ ঢেকে ডুকরে ডুকরে কাঁদেন। কিছুতেই কান্না সংবরণ করতে পারেন না। তার অভিব্যক্তি দোটানায় পড়ে। মোটামুটি এই ছিল তার বাড়ি ছাড়ার দৃশ্য। এই ছিল তার যৌবনকালের অপ্রতিরোধ্য জীবনাতিহাস।
যৌবন আর এসব দৃশ্য যেন পাশাপাশি দাঁড়িয়ে আছে। সিদ্ধান্ত নেন যে, এখন থেকে কারো কাছেই তার কিছু চাওয়ার নেই। এখন তিনি একা। রাতের অন্ধকারে খালি হাতে ছুটে বের হয়ে যাওয়াই তার নিয়তি। খালি হাতে বের হওয়া মানে প্রায় ভিক্ষুকের মতো দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো। কারো কাছে প্রশ্রয় না পাওয়া। বড় অনিশ্চিত আহার-নিদ্রার ব্যাপার। কোনো কাজ না জানা মানুষ তিনি আবার অথই সাগরে পড়েন। কারো অর্থ সাহায্য না পাওয়ার মানে হল জীবনকে আরো বিপন্ন হতে দেওয়া। যা ধারণায় আনা খুব মুশকিল। কে জানে তার ভবিষ্যৎ বিড়ম্বনার জন্য কি অপেক্ষা করে আছে। তিনি নিজ হাতেই আবার নিজেকে চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে দেন। তিনি জানেন যে, এভাবে মানুষ বের হয়ে যেতে পারে। এভাবে নিয়তি তাকে কোলে নিতে পারে। তিনি নিয়তির ডাকে নিয়তির কর্মকে বড় ভালোবাসেন। নিয়তির খেলাকে ইচ্ছে করে প্রকৃতির সাথে মিশিয়ে দিতে চান। নিরুপায় জীবনের যেসব সুর ওঠে, গান হয়, ইচ্ছা জাগে সব তার মধ্যে আবর্তিত হয়। এজন্য তার খুব বেশি ভাবনাও মাথায় আসে না। এর আগেও তিনি পশ্চিম পাকিস্তানে দীর্ঘ সময় ধরে ছিলেন। দেখেছেন পথের মানুষকেও মানুষ ভালোবাসে। যারা একাকী সংগ্রাম করতে জানে। নিজেকে অপ্রতিরোধ্যভাবে এগিয়ে নিয়ে যায়, মানুষ তাদের আপনা থেকে টেনে নেয়। এরকম অনেক দৃশ্য তার অভিজ্ঞতায় সঞ্চয় আছে। অন্যরা কাঁদলে, কি কঠোর হলে, সহজেই সেইসবকে ঠেলে অবজ্ঞাভরে আবার চলে যেতে পারেন।
যখন তিনি পশ্চিম পাকিস্তানে পড়াশোনায় মগ্ন ছিলেন। বন্ধুর টেবিলে রাখা ছবি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে, ছবির মানুষটিকে কোনোক্রমে ভুলতে পারছিলেন না। দুর্বার কৌতূহল যেন মাথাচাড়া দিয়ে উঠেছিল। রূপবতী মায়াবী নারী সৌন্দর্য যৌবনে কতটা ধারণ করা যায় এই ছবিটি তারই প্রতিরূপ। ছবিটির পরিচয় জানার আগেই আন্তরিক ঘনিষ্ঠতা তাকে পেয়ে বসে। সত্যিকার অর্থে বিষয়টি তাকে লজ্জায় ফেলে দেয়। নাম জিজ্ঞেস করার পূর্ব পর্যন্ত মনে হয়েছিল এ যেন তার কতদিনের জানাশোনা। তার সাথে যেন তার কত সংলাপ। মনের ভিতর ঝড় বইয়ে দেওয়া সেই ছবি। ছবিটি তার তন্দ্রায় থাকা সমগ্র পৌরুষকে জাগ্রত করে ফেলেছিল। নিজের এবং মেয়েটির ভবিষ্যৎ স্পষ্ট একত্রে দেখতে পেয়েছিল। যেন এই রহস্যের আবর্তে পড়ে মশগুল হতে ইচ্ছে করছিল। বিদেশ-বিভূঁইয়ে উড়াল মন তাকে বাঁধ ভাঙা আবেগে উচ্ছ্বসিত করে তুলেছিল। যার জন্য সবকিছু তুচ্ছ করা যায়। যৌবনের উন্মাদনা ছাপিয়ে একটি ছবি যেন উপরে উঠে বসে থাকে। আসলে তিনি নিজের মুগ্ধতাকে ভালোবেসেছিলেন। এমন দৃঢ়তা, এমন মুগ্ধতা যদি জীবনের সকল পর্যায়ে অর্জন করা যেত। এক ধরনের পাগলামি তাকে পেয়ে বসে। একদম একা চুপে চুপে ছুটে আসেন স্রেফ এই ছবিটির সামনে। রিমঝিম যৌবনের উত্তাপ নিয়ে চুপি চুপি দাঁড়ান কথা বলার জন্য। ক্রমে উঠতি যৌবনের দুর্দান্ত সংলাপ রচনা করতে থাকেন। অদ্ভুত এক বাকপটুতা অচেনা অজানা চরিত্রের মুখে কথা ফুটিয়ে তোলেন। এই রকম বাকপটুতায় অন্যরা মন্ত্রমুগ্ধ। তাকে কবি খ্যাতি দেওয়া যায়। (চলবে)
নিলু-১ম অনুচ্ছেদ (উপন্যাস)
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১২ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



