তারে কেমনে বুঝাই
কবিতা লিখা মানুষ কি যন্ত্রনা থাকি মুক্তি পায় !
কেমনে বুঝাই শব্দ কেমনে বুকের মাঝে কোদাল চালায়
বুঝাই কেমনে গাঙের বাতাসে যেমনে কলমি লতা লড়েচড়ে
তেমনে বুকের মাঝে শব্দেরা উথালপাথাল।
তারে কি দিয়া বুঝামু
কবিতার ডালপালা জল ছাড়াই কেমনে বাড়ে !
কেমনে পাখির ঠোঁটে করি পরগাছার বীজ আসি পরে সেই গাছে
লতারা বাড়ে কেমনে যেমন জলডুমুর বাড়ে
পানিফলের মতো কচুরির মতো নীলা ফুলে ছাই যায় অন্তরাত্মা।
সে কবে বুঝবো
এই সব শব্দরা আমার কি হয় !
কি সম্পর্ক যেমন পিতা পুত্রে শুক্রাণু আর ডিম্বে
যেমনে রসালো ফলের গন্ধে মাছি আকৃষ্ট হয়
অমনে কবিতার গন্ধে নাওয়া খাওয়া ভুলি যায় হৃদ।
সে শুধু বুঝে আন্ধার রাইতে ঘুম ভাঙি গেলে
বিছানার পাশে আমারে পাওয়া
সে শুধু বুঝে ভালোবাসা মানে একসাথে হাইটা অনেক দূর যাওয়া
ফেরার পথ যার যার হোক তা সে বুঝে না !!
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



