তোমার আমার
মিশে থাকা বুকের মাঝ দিয়ে,
কথা বলে যায় নিশ্চুপ সন্ধ্যা।
চোখ বন্ধ করে-
আমি শুধু তোমাকেই অনুভব করেছি!
দুহাতে তোমাকে যতটা পেরেছি
নিয়ে নিয়েছি আমার মিথ্যে অনুভবতায়।
মিথ্যের ভেতরেই তুমি অনেকটা সত্যি!
অবয়বে নেই,
তবুও, আছো তো কোথাও!
থাকাটাই অবলম্বন।
ওপরের মেঘরাজ্যের সীমানা ছাড়িয়ে
সবকিছুর যিনি দাতা,
সেই বিধাতাকে জিজ্ঞেস করি-
কীভাবে তুমি কল্পনা দিয়েছো মানুষের অন্তরে!?
যন্ত্রণার মহীকূপে এ কী আলোড়ন তুলেছো
বিষাদমাখা অভাবের!
যা কিছু ভাবি, যাকে ভাবি-
সে নেই,
তবুও সে কল্পনায় কতটা সত্যি!
জানো তো সবই তুমি বিধাতা-
আমার মনের খবর!
আমি কেন বলতে পারি না তাকে?
সেই কল্পনাকে?
আমৃত্যু তাকে ভালবাসি!
আজন্ম তাকে ভালবাসি!
ভালবাসি
ভালবাসি
ভালবাসি...
ঘুমের মাঝে বিস্বাদ লাগা এই পৃথিবী
তখনও মূর্ছনাময়,
...শুধুই তাকে ঘেরা চুপচাপ কল্পনায়!
চুপচাপ কল্পনায়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


