শেষ পৃষ্ঠা!
জীর্ণ গলির অসমাপ্ত জানালায়
নৈর্ব্যত্তিক ভোর শতাব্দীর অলসতা ভাঙ্গে
স্টুডিও ক্যানভাসের অভিব্যক্তিবাদি চিত্রকলার
সব রঙ খসে পড়ে নির্জন উপত্যকায়
শূন্য সাদা ক্যানভাস ও আমার পরাবাস্তব
আজ তোমার বিমূর্ত অবয়বের মুখোমুখি
এমনি একক ভোরে আমরা হেঁটেছিলাম
সুদূরতম প্রভাতফেরী
তোমার সিঁদুরের এক বিন্দু সূর্য থেকে
বিনির্মিত শহীদ মিনারের লাল বৃত্ত
আমরা সেই বৃত্তের মধ্যে আবদ্ধ হই
গোরখোদকের মতো খুঁড়তে থাকি অজস্র কবর
যেখানে সমাধিস্ত আমাদের প্রেম
আসন্ন শীতে শিশিরের স্ফটিক স্বচ্ছতায়
তোমার রমণীয়তা পরিপক্ক ফল হয়ে ঝরে পড়ে।
আমাদের প্রেম চিত্রিত হয় মন্দির গাত্রে
তোমার শাঁখায় রচিত হয় প্রেমের শিলালিপি
এমনি একক ভোরে আমরা ঘুমিয়ে পড়ি
পৌরাণিক কাব্য গ্রন্থের শেষ পৃষ্ঠায় ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





