মুহুর্মুহু করতালিমুখর জীবনের উচ্ছ্বাসে
কোনদিন যদি খুলে যায় গোপন সিন্দুক।
যদি বেড়িয়ে আসে গয়নার বাক্স থেকে একটি নিরীহ রক্তজবা,
টুপ করে ঝরে পড়ে বেয়াড়া একফোঁটা শিশিরজল,
থমকে দাঁড়ায় যদি নিরলস ঘড়ির কাটা,
তবে জেনো কোথাও আজও আছি প্রবলভাবে।
অরণ্যচারী হয়ে ছুটেছিলাম আমাজানের অববাহিকায়,
অবহেলিত এক চিলতে রোঁদ ছুঁয়েছিল দ্বিখণ্ডিত হৃদয়,
ভুল ঘ্রাণে দিক হারিয়েছিল ক্ষুধার্ত ভাল্লুক,
আমার নিঃশর্ত মুক্তির দাবীতে রাজপথে ছিল মিছিল,
সামরিক বাহিনীর সবগুলো কামান দাগানো হয়েছিল পবিত্র বুকে,
মসজিদে-মন্দিরে বসেছিল বিশেষ প্রার্থনা,
শতবর্ষপূর্তি হয়েছিল প্রেমিকের আত্মনিষ্ঠ বিসর্জন,
ভুল ছোঁয়ায় কুমারী লজ্জাবতী মুখ লুকিয়েছিল সবুজ পাতায়,
তখনো আমি অচেতন প্রেমে তোমাকেই খুঁজেছিলাম।
আজ যদি সিন্দুকের ডালা খুলে যায়,যদি বেড়িয়ে আসে ভুলে যাওয়া প্রেম,
গড়িয়ে পড়ে রক্তজল শিশির ফোটা হয়ে;
তবে জেনো আমি ছিলাম,আছি প্রবলভাবে তোমার অজান্তে মনের গহীনে।
তানজির খান
কবি,ব্লগার ও নাগরিক সাংবাদিক
ইমেইলঃ [email protected]
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





