সোনারমাটির মেডেলটা এবারও বোধহয় গলায় ঝুললো না শুভ কবিয়ালের।
মেলার প্রধান অতিথি সোমনাথ মুখার্জী, যিনি কিনা এই অনুষ্ঠানের অন্যতম বিচারক, তিনিও ভাবতে শুরু করেছেন, এবার
আসর ছেড়ে অবসরের হাত ধরা উচিৎ শুভ পালের।
শুভ পালের এবারের প্রতিপক্ষ গত তিনবারের স্বর্ণপদক বিজয়ী উত্তম ঘোষাল। যে কিনা এখন রেডিও, টিভিতে কবিগান করে। ছোট্র
এক গ্রামের লোক সংস্কৃতির মেলায়, ব্যক্তিগত ভাবে দেওয়া একটা মেডেল তার কাছে হয়তো তেমন কিছু গুরুত্বপুর্ণ নয়, তবু
সে খেতাব ধরে রাখার ইচ্ছায় প্রচন্ড রকম বেগ দিচ্ছে, পরপর তিন বছর এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে না পারা শুভ
পালকে।
শুভ পাল এই এলাকার কিংবদন্তী কবিয়াল। যে কিনা আজ অব্দি রেডিও-টিভির কোন আনুকুল্য পায়নি। তবু যে আসরে গেছে
প্রতিপক্ষকে ভুলুন্ঠিত করেছে।
শুভ পালের ওস্তাদ ছিল চারণ কবি গুমানী দেওয়ান । যে কিনা ঢোলে বাড়ি পড়লে নেচে উঠতো, সুর-ছন্দ -যুক্তির সংগীতে
প্রতিপক্ষকে নাজেহাল করতো। আজীবন অপরাজিত সেই শিল্পীর শিষ্য, আজ এক ছোট্ট মঞ্চের বিরাট আসরে নাস্তানাবুদ
হচ্ছে।
আজকের পালার বিষয়--জীবন ও মৃত্যু।
লটারীতে শুভর ভাগ্যে পড়েছে, জীবন।
প্রতিপক্ষের মৃত্যু।
মৃত্যু যেমন জীবনকে অসহায় করে তেমনই লাগছে যেন শুভর চোখ দুটি।
সোমনাথের চোখে একের পর এক দৃশ্য ফুটে উঠছে শুভর অসহায়তার।
--"জীবন, তুই যদি সেরা হবি তবে নিজের ছেলেকে শ্মশানে দাহ করে এলি কেন?"
নির্মম প্রশ্ন। সোমনাথের ইচ্ছে হচ্ছিল, ধমক মেরে থামিয়ে দিতে। তিনি যদি একটা ধমক মারেন, আসর চুপচাপ হয়ে যাবে।
ক্রমাগত যুক্তির জাল বিছিয়ে জয়ের রাস্তা পরিস্কার করা উত্তম হেরে যাবে। কারণ অন্য সকলের মতো উত্তমেরও অজানা নয়, এই মেলা, এই কবিগানের আসর,এই পুরস্কার সবই সোমনাথ বাবুদের অর্থানুকুল্যে।
তাই নির্বাক শ্রোতা হয়ে বসে আছেন সোমনাথ। দেখছেন শুভর চোখের অশ্রুভরা দিশেহারা দৃষ্টি।
ওই লোকটার জীবনের একমাত্র আশা, যেমন করেই হোক একবার জিততে হবে সোনারমাটির পদক। রেডিও-টিভির আহ্বানে
সায় না দেওয়া লোকটার একমাত্র স্বপ্ন ওই পদক।
প্রতিবছর এই আসরেরর সময়ে কোন একটা বিপদ হয় শুভ কবিয়ালের। তাই আসা হয়নি এতদিন। কালও হয়েছে। জোয়ান ছেলেকে
চিতায় তুলেছে। তবু শেষমেষ এসেছে সে। পদক জয়ের স্বপ্ন নিয়ে। সেই স্বপ্ন ক্রমাগত অধরা হয়ে যাচ্ছে যেন। মৃত্যুর কাছে
জীবন কি চিরদিনই হেরে যাবে এভাবে?
আসরে উপস্থিত সকলের মতো সোমনাথ অবাক হয়ে দেখলো, শুভ কবিয়াল নাচতে শুরু করেছে। দর্শক-শ্রোতাদের প্রবল হর্ষধ্বণিতে উচ্চকিত হয়ে উঠলো বাজনাদারদের হাতগুলি।
শুভ কবিয়াল নেচে-নেচে গাইছে জীবনের জয়গান। মৃত্যুর সামনে যেমন চিরকাল নেচে ফেরে জীবনের স্পর্ধিত উচ্ছাস।
জমির আলে বাঁধ দিতে-দিতে হতাশ অরণি যেমন শুয়ে পড়েছিল। উত্তম কবিয়ালও যেন তেমনই অসহায় বোধ করতে-
করতে যুক্তির খেই হারিয়ে ফেললো।
সোমনাথের চোখের সামনে যেন মৃত্যুর কশাঘাত উপেক্ষা করে বেঁচে উঠলো জীবন।
শুভ কবিয়ালের যুক্তির সময় প্রবল হাততালিই যেন ঘোষণা দিচ্ছিল, মানুষ জীবনকেই ভালবাসে।
আকাঙ্খিত সোনার মেডেল গলায় ঝুললো শুভ কবিয়ালের। সে বিড়বিড় করলো, এই শেষ, এই শেষ, হায়রে জীবন!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


