আরও কিছুদিন মনের অন্দরে থাকব ,
বিষাদের ছায়া লোম উপড়ে পুতুলের নিঃশ্বাস যদি
কিছুটা নিরাপদ আশ্রয় পায়------------
ভেজা মগজে গন্ধকের খিল আটকে হে প্রভু এ ঘরেই
জীবনের যাবতীয় স্থাবর সম্মোহন মুছে
উলঙ্গ পাহাড় পৃথক করে নামে প্লাটিনামের ব্যথা।
মাধবী পোকার গুন গুন গান শুনিয়ে মঊতের কাফেলায়
কাতর ঘুম ---ঘরে ঢুকে ভুল করে বাতি নেভায় -
নিভতে নিভতে হঠাত জ্বলে ওঠে কারণ দেখিয়ে
যে নদী নিজের ভেতর বান মেরে ভেসে উঠে,
বালিশে মাথা রেখে বহুদূরে পার্বতীর ভেজা ঠোঁটে
থুতুর জঠর মেখে মন্ত্র- বিনাশ জপে দেবতার কঙ্কাল--
পালাও পালাও।
আরও কিছুদিন মনের অন্দরে থাকব
বিভ্রান্তির পিদিমে ঝিমুতে ঝিমুতে হে প্রভু এ ঘরেই মরা ভাত
চেটে-পুটে পার হয় আমার সাজানো রাতের খুন সংসার মুখরতা,
কয়াশায় মুখ ঢেকে রেশমের ফেনায় তাসের রং মুছে
আর কতদিন আমায় আগলে রাখবেন মুদ্রাদেবী ।
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




