এও এক মুক্তিযুদ্ধ
এও এক মুক্তিযুদ্ধ । আপনি এই যুদ্ধের যোদ্ধা । বাংলাদেশকে এই নতুন রাজাকারদের হাত থেকে বাঁচান।
জানি আপনার অনেক কাজ, ব্যস্ততা, অনেক কষ্ট, অনেক বলা না বলা ব্যথা ।হয়ত আপনার মা অসুস্থ। হয়ত আপনার চাকুরী টাল মাটাল। হয়ত আপনার বোনটার বিয়ে দিতে হবে। হয়ত অনেক বাধা। কিন্তু তারপরেও কি আপনি এই দেশকে ভালোবাসেন না ? তারপরেও কি আপনি ঝাপিয়ে পড়েন না লড়াই এ যখন কেউ আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আক্রমণ করে বসে ? নিশ্চয়ই করেন । আপনার দেশপ্রেম নিয়ে আমার কোন সন্দেহ নেই । তাহলে একটি কাজ করুন। নিজের স্বার্থ, নিজের ব্যক্তিগত দুঃখ ব্যথার নির্মম শেকল গুলো খুলে এই বাংলাদেশ নামক রাষ্ট্রের উপকারার্থে প্রতিদিন , প্রতিদিন না হলে অন্তত প্রতি সপ্তাহে একটি করে প্রমান রেখে যান ।
কিসের প্রমান?
যেই কথা গুলো আমরা সংবাদ পত্রে দেখি না, রেডিও টিভিতে শুনি না , যেই সব মানুষের একান্ত কথা, দুঃখ, প্রতিবাদ, নির্দেশনা , পরামর্শ নানামুখী বাধার মুখে হারিয়ে যায়, সেই কথা, সেই প্রতিবাদ, সেই নির্দেশনা, সেই পরামর্শ --- সর্বোপরি সেই সব প্রমান যেন এই আন্তর্জালে ছড়িয়ে পড়ে বিনা বাধায়।
কি হবে করে?
হ্যাঁ, এই প্রশ্ন আপনি করতেই পারেন । এত কষ্ট করে আসলেই কি হয় ! আপনি ভোট দিয়েছেন, মামলা করেছেন, পথে নেমেছেন , হরতাল -প্রতিবাদ করেছেন, রক্ত ঝরিয়েছেন মিছিলে মিছিলে- তাও অনেক কিছুই পান নাই । বিচার পান নাই । একটু ভেবে দেখুন, আজকে পান নাই , ২০ বছর পরেও তো পেতে পারেন!
এতই কি তারা ক্ষমতাধর?
অবশ্যই। তাদের অনেক টাকা । তাদের দেশের ভিতরে বাহিরে অনেক খুঁটি। তারা ও তাদের মত যারা -- সকলেই একে অপরের পিঠ বাঁচিয়ে চলে। উপরে উপরে শত্রুতা , ভিতরে ভিতরে ব্যবসা- বিয়ে- আত্মীয়তা - বন্ধুত্ব । এই চিত্র প্রতিটা রাজনৈতিক দলের। এই চিত্র এই রাজনৈতিক দল গুলোর পা চাটা এবং সুবিধাভোগী প্রতিটা প্রশাসনিক রাষ্ট্রযন্ত্রের ।
তারা কি ধরা ছোয়ার বাইরে ?
নাহ। এই একটি জায়গা, এইখানেই আপনার আমার আশা সঞ্চিত । কেউই অস্পৃশ্য নয় । ফারাও, রোমান, মোঘল, ব্রিটিশ- কোন সাম্রাজ্যই টিকে নাই । পতন হবেই এবং হয়েছে । কিন্তু একটু ভেবে দেখুন- একদিনে কি হয়েছে ?
আমরা কি এক দিনে স্বাধীনতা পেয়েছি ?
কত বছর লেগেছিলো বৃটিশ তাড়াতে ?
সুতরাং , হাল ছাড়বেন না । ঐ যে বললেন না কি হবে করে ? এইটাই হবে । আপনি প্রমান রেখে যান। একদিন না এক দিন বিচার হবেই । সুতোয় বাধা পুতুল নয়, পিছনের গড ফাদারদের নাম, ধাম, ঠিকানা, কি করেছে, কখন করেছে , কি ভাবে করেছে --- সব কিছু রেকর্ড করে ছড়িয়ে দিন নেটে । বাংলাদেশের প্রতিটা গ্রাম, প্রান্তর, উপজেলা, জেলার ভেতরে কে কোথায় কিভাবে আমাদের এই দেশটাকে হত্যা করছে , জানিয়ে দিন। আজ নয়ত কাল, হয়ত আমার আপনার মৃত্যুর পরে হলেও এই নাগ পাশ ছিন্ন হবে, তাই ওদের চেহারা গুলো চিনিয়ে দিন।
কি করে করবেন?
আজকাল মোবাইল ক্যামেরার কল্যানে ভিডিও রেকর্ড করে আপলোড করা কোন ব্যাপারই না । যার জবানবন্দী নিচ্ছেন , তাকে পুরো ব্যাপারটা কি করতে যাচ্ছেন, তাতে তার কোন বিপদ আপদ আপত্তি আছে কিনা জেনে নিয়ে " অনুমতি বা কন্সেন্ট" নিয়ে নিন। পরিচয় জানালে যদি বিপদ হয় তাহলে চেহারা ও পরিচয় গোপন করে আপলোড করুন। ভিডিও না করতে পারলে অডিও করুন। অডিও না পারলে লিখিত নিয়ে তার ছবি/ কপি আপলোড করুন।
সবাই তো সবকিছু জানে , এই সব করে কি লাভ?
নাহ, সবাই সব কিছু জানে না। আমি আমার এলাকার অপরাধীদের চিনি। তারা কোথায় কি ঘটিয়েছে কিছু কিছু জানি । সব কিছু জানি না। আপনার গ্রামের, ইউনিয়নের, থানার, উপজেলার , জেলার " মহান গড ফাদারদের" চিনিও না, কান্ড কীর্তিও জানি না । আপনি জানলে , এই নেটে তার ইতিহাস লিপিবদ্ধ করে যান।
এও এক মুক্তিযুদ্ধ। আপনি এই যুদ্ধের যোদ্ধা । জাহাঙ্গীর আলম আকাশ লড়াই করছেন । কে কোন দল করে ভুলে যান। এই সব রাজনৈতিক সন্ত্রাসীদের আসলে কোন দল নেই , এরা ঘুরে ফিরে প্রতিটা রাজনৈতিক দলেরই পা চাটে, এরা মুখোশ পরা নব্য রাজাকার। প্রতিটা দলের ভেতরে লুকানো শুয়োর , শকুন, শেয়ালের অপরাধ লিখে রাখুন এই নেটের দলিলে ।
[ জানি অনেক ফলস নেগেটিভ, ফলস পজিটিভ আসতে পারে , তবু এর দরকার আছে । ক্যান্সারের ডায়াগনোসিসেও অনেক ফলস রেজাল্ট পাওয়া যায়, তাই বলে আমরা কি ক্যান্সার খোঁজা বন্ধ রাখবো ? বাংলা মায়ের শরীরের এই ক্যান্সার গুলোর কথা জানাব না ? ]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


