ঘুম চোখে মোবাইলের স্ক্রিনের দিকে তাকাই। খুব পরিচিত একটি নম্বর ভেসে ওঠে স্ক্রিনে। রিং হয় মোবাইলে। কিন্তু শব্দ হয় না। সাইলেন্ট মুড অন করা। লাইনটা এক সময় কেটে যায়। আবার রিং আসে। আবার কেটে যায়। রিং রিং খেলা দেখি কিছুক্ষণ। ক্লান্ত হয়ে যাই। তবু কলটা রিসিভ করা হয় না। বিছানা ছেড়ে হাতমুখ ধুয়ে বেরিয়ে পড়ি বন্ধুদের উদ্দেশ্যে। ভবঘুড়ে জীবন আমার। একটু আড্ডা না দিলে বাঁচব কি করে! একে একে সাতজন বন্ধু জড়ো হয়ে যাই। জুড়ে দেই গল্প। বাঁধ ভাঙা উচ্ছাস উপচে পড়ে আমাদের মাঝে, কথার খই ফুটছে। ভালো লাগে খুব। কি যেন কানে গেল, হাসি পেল খুব। হাসতে হাসতে পকেট থেকে মোবাইলটা বের করি। স্ক্রিনে চোখ পড়তেই ধীরে ধীরে হাসি উবে যায়। মলিন মুখটা যেন কষ্টের রঙে রঙিন হয়। বন্ধুদের একলা করে এগিয়ে যাই সামনে। রিং আসে ফোনে। কেটে দেই। নিজে কল দেই সেই নম্বরে। কল রিসিভ হতে সময় লাগে না। ওপাশে কান্নার রোল পড়ে যায়। কান্নার আওয়াজ, ফুপানি আর কোন এক মায়াবী কণ্ঠের কারও না বলা আকুলতা ঝড়ে পড়তে থাকে। আমি কোন কথা বলি না। চুপচাপ শুনে যাই। ওপাশের মানুষটির কথা যেন ফুরোতেই চায় না। বলতেই থাকে বলতেই থাকে। ইশশ্! এর কি কথা ফুরোবে না? না ফুরোক, আমি শুনবো। কিন্তু লাইনটা কেটে যায়। ব্যালেন্স চেক করে দেখি নিঃস্ব আমি। হাটতে থাকি, বাজারের দিকে যেতে হবে। মোবাইলে রিং আসে। রিং বাজতে থাকে, আমার মুখে হাসি ছড়িয়ে পড়ে। কিন্তু রিসিভ করি না কলটা। মোবাইলের অপরপ্রান্তের মানুষটির জন্যে বলি- একটু অপেক্ষা কর, মোবাইলে ব্যালেন্স লোড দিয়েই তোমায় কল দেবো। তোমার সকল না বলা কথা শুনব...।
আকাশলীনা পত্রিকার ১৭তম (নভেম্বর ২০১১) সংখ্যায় প্রকাশিত
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১২ রাত ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




