
ধুলোমাখা ক্যালেন্ডারটা দেয়াল ছেড়ে কাল চলে যাবে,
দেয়ালটা শূন্যই থাক, আপত্তি নেই তবে-
সাথে নিয়ে যাক পুরনো সব কষ্ট আর অপ্রাপ্তি।
পেছন ফেলা আসা বন্ধুর পথটা ইতিহাসই হোক,
কোন দিন না হয় আসর জমিয়ে গল্প করা যাবে।
সৌভাগ্য আমাদের অনেকেরই ছিলনা,
তবে দুর্ভাগ্যের দেয়ালটা দুর্ভেদ্যও ছিলনা।
ইচ্ছা অনিচ্ছার দোটানা দুলেছে দিন তারিখের ঘরে।
আজকাল করে বারোটা মাস শেষ হয়ে গেল।
আশার বসতি এখনো আছে, আছে টিম টিম করে জ্বলা সলতেটা।

আমার স্বপ্নের ঘুড়ি বাতাসে ভাসেনি এবার,
বাতাস আসবে,
আমি জানি আকাশ কখনো মিথ্যে খেলায় মাতে না।
হতাশার দল জল ডোবায় শুন্যতার গান ধরুক,
আমি সেখানে নেই,
কেউ কেউ ঘুমায়- চির ঘুমের জন্য,
আমার ঘুম নতুন ভোরের প্রত্যাশায়।
কষ্টের ছোট ছোট নদী, হাহাকারের দীর্ঘ রাত
স্মৃতির পাতায় জুড়ে থাক, তবে
আগামীকাল আসুক প্রাপ্তি -সুখের প্রভাত।
২০১৬ সকলের জন্য বয়ে নিয়ে আসুক সফলতার বার্তা।
সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




