এইসব কতো রাত?
তারও গভীর থেকে গভীরে-
তল পেয়েও হাতড়ে মরা
ডুবন্ত নিশাচর থামে!
শুনছ?
গলির রাস্তায় প্রহরীর প্রশ্বাস..?
ধুঁকে চলা ঘড়ির কাঁটার
স্পন্দনও কতো তীব্র! শোনো,
কতো গাঢ়, কতো তিক্ত, বিস্বাদ..
ক্লান্ত ধূলোদের ঘুম ভাঙায়
কর্কশ ভারী দানবযান
নৈঃশব্দ্য ভাঙার কি আদিম উল্লাস!
অযথাই নষ্ট ঘুমের মতোন..
শুনছ?
ধূলোরা কাঁদছে?
মধ্যবিত্তের জং ধরা সিলিং ফ্যান হয়তো
ফুলস্পিডে ভোলাচ্ছে শতেক দীর্ঘশ্বাস..
কিংবা আশ্রয়হীন কিছু উইপোকাদের
জানলার কাঁচে টোকাটুকি..
শুনছ তো?
উনোপেটে জেগে থাকা
অভিমানি ছেলেটার ধরানো সস্তা বিড়ির ঘ্রাণ পাচ্ছো?
অথবা বেওয়ারিশ কুকুরের বোকা বুলি
শুনতে পাচ্ছো?
শুনতে পাচ্ছো তুমি?
নাকি ঘুমিয়ে পড়েছ?
অঘুমা নিশাচর সামান্যদের
ক্লান্ত ধূলোর মতোন জাগিয়ে..
শুনছ..
ধূলোরা কাঁদছে?
'শুনছ ঘুমন্ত?'
৩০/১০/২০১৪
পূর্বাহ্ন ২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





