ঈদের আমেজে যখন সবাই ব্যস্ত ভাবছি নেশার উপর লিখি। নেশার কথা বললেই সবাই আঁতকে উঠবেন। ভয় পাই নেশাকে। বড়ই ভয়াবহ ও বিষাক্ত হচ্ছে নেশা। সর্বনাশা নেশা কতজনকে যে পথে বসিয়েছে তার কি শেষ আছে? তামাকের নেশা, পানের নেশা, রঙীন পানীয়ের নেশা, ট্যাবলেটের নেশা, গাঁজার নেশা, হেরোইনের নেশা, কার্ডের নেশা, কম্পিউটারের নেশা, ব্যান্ডের নেশা, মেয়ের নেশা....সর্বএ নেশা।
নেশার এই ফিরিস্তি দিচ্ছি নেশার প্রশস্তি গাওয়ার জন্যে নয়। হঠাৎ মনে পড়ল ফেলে আসা দিনের কথা। টিউশনি করতাম, ভাল পড়াতাম, ভাল পয়সা পেতাম। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় অনেকগুলো গবেষণার কাজ করি। ভালই কাচাঁ পয়সা হাতে আসত। কিন্তু পয়সা যতই আসত, জমত না। সব খরচ হয়ে যেত। আমার পয়সা কখনো বাবা বা মায়ের হাতে তুলে দেইনি। কিন্তু পয়সা শেষ হয়ে যেত নেশার কাছে। এনিয়ে সংসারে অশান্তি, বাবা-মায়ের বিবাদ। মা আমার হাতের প্যাকেট দেখলে বড়ই বিরক্ত হতেন, বলতেন, "আবার ছাইঁপাশ নিয়ে বাসায় ঢুকেছিস"? কিন্তু কি করব বড়ই নেশাগ্রস্ত আমি। মাথা নীচু করে রাখতাম। সব বারের মতো বাবাই আমাকে উদ্ধার করতেন। পাশের রুম থেকে বাবার গলা শুনতাম। বাবা নীচু গলায় মাকে বলছেন, "ছেলের আমার অন্য কোন নেশা নেই। সিগারেট খায় না, বাজে খরচ করে না, শুধু বই কেনে। এতে অন্যায়টা কি হলো"? হঁ্যা, আমার নেশা হচ্ছে বই কেনা। দারুন উপকারী নেশা। আমি চাই আমাদের তরুণরা নেশাগ্রস্ত হোক বইয়ের মাঝে। বই হোক নিত্যসঙ্গী। বই হোক আমাদের ভাবনার অস্ত্র...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

