(১)
ধোঁয়া-ধূলো জ্যামের শহর ভাল্লাগে না
তবু ঢাকায় আছি
তবু ঢাকায় থাকি
বহিরঙ্গে ঢাকার সঙ্গে তবু মাখামাখি।
(২)
তোমাকে কিছুতেই ফেরানো যায় নি
কেননা অনিবার্যতা দাঁড়িয়ে ছিল চৌকাঠে হাত রেখে
কার সাধ্য রদ করে দুয়ে দুয়ে চার।
(৩)
অন্তমিলের খোঁজে ছুটছি কাছে দূরে
লুটছি শুধু অভিজ্ঞতা
দক্ষতা নাই মোটে
(৪)
দাঁড়িয়ে পথের ধারে একা
কত গাড়ি আসে চলে যায়
কিছুটা দাঁড়ায়
তারপর দুর্বার চাকায়-চাকায়।
আমি শুধু থাকি
আমি তবু থাকি
ছায়াসাথি নাই আর সূর্য মাথায়।
(৫)
আমি শুধু তোমার হব তোমার কাছেই যাব
হাত বাড়ালেই দুহাত পাবে, তোমাকেওতো পাব
এই যে আশা এই যে আশা একটি নীড়ের আশা
এটার তুমি কী নাম দেবে? আমি? ভালবাসা।
(৬)
তুমি মানে আশার প্রদীপ
তুমি মানে বাতি
তুমি মানে দিন যাপনের
মিষ্টি চড়ুইভাতি।
মুখ ঝামটায় অভিমানে
তোমার জুড়ি নাই
দৈনন্দিন প্রতিপলে
তোমায় শুধু চাই।
(৭)
স্মৃতির ওপার কতদূরে কে জানে তার খোঁজ
দূরে যাচ্ছি আরো দূরে, দূরে যাচ্ছি রোজ
স্মৃতির হাতে মার খাচ্ছি মার খাচ্ছি তবু
প্রাণের ভিতর পুড়ছে প্রাণ সূক্ষ্ম এক কাগজ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


