হারিয়ে গিয়েছি এইতো জরুরী খবর
পিচগলা রোদ্দুরে কেন পাঠাও
তবে, অকারন বার্তা
জীবনের সবচেয়ে বিপরীত মেরু থেকে
কিভাবে পাঠাও তোমার
সুখ দুখ হৃদয়ে আমার।
যে হাতের স্পর্শে
চঞ্চল আঙুলগুলো স্থির হতো
মুঠোতে আমার
খোলস পাল্টেছি তার বহুদিন,
যেন চাইলেও কেউ চিনতে না পারে তোমার
হারানো বিজ্ঞপ্তির
রঙিন পোষ্টার।
কোন প্রয়োজন ছিলনা মুখোশের আমার
পৃথিবীর নির্জন, নির্বাসিত এই পোড়ো শহর
ঘিরে থাকা অসংখ্য কানাগলি পেরিয়ে
বার্তা এসেছিল ভুল,
মরচে পড়া হৃদয়ের সাধ্য কি বলো
বুঝবে তোমার, শান্ত বিদ্রুপ বিলাস।
বুঝলাম ততদিনে, যখন
মুখোশ আমার মুখে ছড়িয়েছে রংহীন শেকড়
মার্ক শ্যাগাল এর বিদগ্ধ তুলিও
যেখানে
অসম্ভব অকার্যকর।
তাই বলি
হারিয়ে গিয়েছি এইতো জরুরী খবর
কেন করো তবে এই
ভেঙে পড়া হৃদয়ের খোঁজ
নিত্য প্রহর।
(এক অভিমানী ব্লগারের ব্লগের প্রথম লাইন পড়েই কেন জানি মনে হল এ তো আমারই কথা। এই লেখার পুরোটা আমার হলেও প্রথম লাইনটা তার লেখা। কবিতাটা তাকে উৎসর্গ করাটা হাস্যকর। তারপরও আমার ভাললাগাটুকু গ্রহন করলে ভীষন ভাল লাগবে আমার)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

