বল কোথায় তোমার বাস?
তোমায় খুঁজতে দুর্বল আমার স্নায়ু
ক্লান্ত চোখের নিচে
নরম কালির ভাজ
তবু তোমার অস্তিত্বের ঠিকানা আমার
জেনে আজও অজানা।
হোয়াংহোর তীরে দাঁড়িয়ে
ঢেউয়ের প্রতিটি খাঁজে খুঁজেছি তোমায়
নেই, তুমি নেই,
সাহারার প্রতিটি বালুকণা সরিয়ে দেখেছি আমি
নেই তোমার অস্তিত্বের এতটুকু কণা
ব্যবিলনের দৃশ্যমান প্রতিটি ইঞ্চি খুঁড়ে
খুঁজেছি তোমায়, আমাজানের গহীন অরণ্যে
বৃক্ষরাজির প্রতিটি পাতার কাছে
জিজ্ঞেসেছি তোমার নাম,
মাউন্ট এভারেষ্ট, গডউইন অষ্টিন থেকে কাঞ্চনজঙ্ঘা
উদ্ধত চূড়ার বিশাল শূন্যতায়
কোথায় খুঁজিনি আমি
পাইনি তোমার ঘাসে রেখে যাওয়া পদরেখাও
অবশেষে,
শ্রান্ত দেহে,
ফিরে আমার ছোট্ট এই ঘরখানায়
বন্ধ চোখে খুঁজি তোমায়
দেখি
তুমি মিশে আছ
এই সমস্ত আমিতে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

