
ঝরে পড়ছে পাতার মতো
সময়গুলো ঝরঝরিয়ে;
ভাবলে আমি আৎকে উঠি
পরাণ কাঁপে থরথরিয়ে!
দেহ আমার বলছে ডেকে
ক্ষয়ে যাচ্ছিস একটু করে;
কেমন করে চলবি ফিরবি
ঝড় উঠেছে মনের ঘরে!
চোখে লাগাই পাওয়ার চশমা
ভুলে যাওয়ার ধরছে রোগে;
যন্ত্রণাতে কাতরাবো হায়!
শত রোগে ভোগে ভোগে।
হাড্ডিগুলো ক্ষয়ে ক্ষয়ে
চলার শক্তি নিবে কেড়ে;
সময় কেনো এমন ভাবে
সকল নিতে আসছে তেড়ে!
কোমর আমায় ব্যথায় ভরা
সোজা হতে পারব নে আর;
ধীরে হবে শক্তি নিঃশ্বেষ
এপাড় ছেড়ে যাব ওপাড়!
হজম শক্তি যাচ্ছে কমে
অরুচি সব খাবার প্লেটে;
কাটাকুটি করেই গেলো
অদৃশ্য এক জীবন শ্লেটে!
দেহের চামড়া ঝুলে ঝুলে
বিভৎস রঙ দিবে দেখা;
চোখের আলো আবছা আঁধার
সব থেকেও হবো একা!
জানি নে হায় বৃদ্ধকালে
কোথায় হবে আমার আবাস;
বৃদ্ধাশ্রমে না প্রাসাদে
পাচ্ছি নেকো একটু আভাস!
জরাজীর্ণ প্রহরগুলো
কাটবে কেমনে একা একা;
কেউ কি আসবে আমার হয়ে
দেখতে আমায় চোখের দেখা!
চুলে আমার পাক ধরেছে
বলছে ডেকে সাজের আয়না;
ক্লিপ আর কাঁটা রঙ বেরঙের
আর রবে না কিনতে বায়না!
দেহের শক্তি দেহের সুন্দর
যা পেয়েছি ধীরে ধীরে;
সময় সকল নিয়ে যাবে
বিষন্ন ক্ষণ ধরবে ঘিরে!
ও আল্লাহ্ গো দয়াল প্রভু
নিয়ে যেয়ো সময় হলে;
বোঝা হতে দিয়ো না গো
অন্য কারো দয়ার তলে!
ঠেলা ধাক্কার জীবন আমায়
দিয়ো নাক তুমি প্রভু;
কেউ যেনো না করুণাতে
এই ধরাতে দেখে কভু!
কাযা সকল নামাজ রোজা
শেষ যেনো গো করতে পারি;
রবে না আর আফসোস তবে
শেষ খেয়াতে দিতে পাড়ি!
ক্ষমা করো গুনাহ্ প্রভু
হেদায়েতের দেখাও গো পথ;
নামাজ রোজায় মত্ত হবো
করছি প্রভু এবার শপথ!
যতটুকু সময় দিবে
দিয়ো প্রভু বাঁচার আলো;
বিপদ আপদ কষ্টে সৃষ্টে
থাকে যেনো মোর মন ভালো!
তোমার নামই জপব আমি
কলবে দাও শুদ্ধতা এনে;
অশুদ্ধতার সব পথ যেনো
ধরে না আর আমায় টেনে!
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




