
©কাজী ফাতেমা ছবি
=আমি কবিতা ভালোবাসি=
হেরে যাওয়ার অভ্যাস পেয়েছি কুড়ি বছর আগেই
ভেবেছিলাম হয়তো এবার জিতে যাবো,
না হয় আর ক'টা দিন অপেক্ষা,
জিতার অপেক্ষায় কেটে যায় কুড়ির পর আরও কুড়ি
স্বপ্ন তবে কী দুঃস্বপ্ন আমার!
ভালো করে স্ফুট ধ্বনিতে বলতে পারিনি আজও ভালোবাসি,
অযোগ্য মনে উঁকিঝুঁকি দেয় বিষাদের গুঞ্জন,
কুড়ি বছর আগেও দ্বিধা, ভালোবাসি সুর থেকে যায় অস্ফুট
আজও সে ভালোবাসির সুর রয়ে যায় জিভের পিছনে।
কেউই সুখি হতে পারিনি হয়তো,
দীর্ঘশ্বাস নিয়ে ফিরে আসা আমি আজও মনের গতিপথ
রুখে পারিনি দাঁড়াতে, মন বিষণ্ণতার পথই নেয় বেছে,
নিয়তি আমার, কি হেরে যাওয়ার জন্য!
ভালোবাসার কাছে বারবার পরাজিত আমি।
মোহ সে কখনো চাইনি ছুঁতে,
রঙিন চশমা চোখে রাখিনি গেঁথে,
অনাড়ম্বর জীবনে শুধু শীতের সকালে এক পেয়ালা
গরম চায়ের উষ্ণতার মতই চেয়েছিলাম ধুয়াউড়া ঝাঁঝা
ভালোবাসা,
অথচ ভালোবাসা শব্দটাই বিমুখ, হেরে যাই আমি।
ঠোঁটে জমিয়ে রেখেছিলাম কুসুম প্রেম,
চোখে ভালোবাসার চাকচিক্যতা,
আঙ্গুলের ডগায় রেখেছিলাম কারো জন্য শিশির স্নিগ্ধতা,
চোখের পাতায় রেখেছিলাম এক ঝাঁক স্বপ্ন,
কানে গেঁথে রেখেছিলাম ভালোবাসি শব্দ শোনার... আকুতি,
কই সেই অপেক্ষার প্রহর আজও হয়নি শেষ,
হয়নি বলা ভালোবাসি, হয়নি শোনা ভালোবাসি,
আমি হেরে গিয়েছি, জিতার চান্স শূন্য
তাই আর ও পথ মাড়াই না,
আমি নৈঃশব্দের বুকে মাথা রেখে কবিতা ভালোবাসি,
তাই কবিতার হাত ধরে এগোই আগামির পথে।
January 31 ২০২০

থাকুক সাক্ষী হয়ে স্ক্রীণশটে
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০২০ বিকাল ৫:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



