
দূর দূরান্তে ঐ নীলের পাহাড়ে, দেখো বন্ধু আহারে,
মেঘগুলো ঐ রঙ বেরঙে, সেজে আছে সারে সারে,
হেঁটে যেতে আর নেই ক্লান্তি, চলো আকাশটা ছুঁই,
মেঘের মাঝে ভাঁজ করে, আজ স্বপ্নগুলো থুই!
জমিনে সবুজের বাড়াবাড়ি, আকাশে মেঘের ছড়াছড়ি,
চলো বন্ধু চলো ভাসাই আমাদের, প্রেমের তরী,
মনোমুগ্ধকর সময়ের সিঁড়ি বেয়ে, চলো উঠি স্বপ্নপুরী,
মনটারে নয় প্রৌঢ়, নয় বৃদ্ধ, করে নাও কুড়ি!
উচ্ছাসগুলো আকাশে আজ উড়িয়ে
নেই চলো সুখেতে মন জুড়িয়ে,
সব বিষাদ যাতনা ভুলে, হয়ে যাক বাচ্চাপনা,
মনের ভিতে অনন্ত সুখী হওয়ার ভিত, করি চলো স্থাপনা!
হাঁটি হাঁটি পা পা করে আগাবো, পথ আঁকাবাঁকা,
সকাল পেরিয়ে হোক দুপুর, ঘুরুক সময়ের চাকা,
মন অস্থির,
সময়টা স্বস্তির,
ভীষণ মায়াবী আকাশে মেঘেদের আনাগোনা,
এমন প্রকৃতির বুকে হয়ে যাক সুখের স্বপ্ন বোনা!
জিরিয়ে নেবো কিছুক্ষণ, সারি সারি বৃক্ষের ছায়ে,
ধুলো মাটির ছোঁয়ায় সুখ শিহরণ, লাগুক পায়ে!
নাক টেনে নাও বন্ধু বুনোফুলের ঘ্রাণ,
আঁচল ভরে তুলতে কিছু অচেনা ফুল, মন যে করে আনচান!
তোমার আমার পথ আজ উলটো না হোক,
আহা উদাসী দুপুর, ডাকুক মিহি সুরে দুপুরে ডাহুক,
হাওয়ার তালে বাজুক পাতার বাঁশি,
চলো সঙ্গে আমার আকাশ ছুঁতে, ও উদাসী!
©কাজী ফাতেমা ছবি
২৬-০৫-২০২১
=নীল আকাশের প্রান্ত ছুঁয়ে-১১=
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২৫ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




