সেই তুমুল সর্ষে ক্ষেতে হলুদের ঢেউ দেখতে দেখতে খুব
সাবধানে এগিয়েছি বাঁকে । সুরমা আর বাসিয়া নদী দুটির
মিলন মোহনায় , একটি সূর্যকে স্বাগত জানাবো বলে।
একটি শিখার কাছে বন্ধক রেখেছি আমার সব প্রেম , আর
প্রতিমার প্রথম চুম্বন । এই মাটিঘেরা উষ্ণ বাদাড় । কিছুটা
অবহেলায় , হেলান দিয়ে দেখেছি উত্তরগামী নৌকোর সারি।
হাফপ্যান্ট পরা ক'জন যুবক আমার পাশ দিয়ে হেঁটে যেতে
যেতে জানতে চেয়েছে তোমার কথা ।
'কেমন আছে মাধবী ' ?
আমি ওদের বলে দিয়েছি , একটা শাদা শাড়ীর চিহ্ন রেখে
যে নিয়েছে বিদায় , ওর কোনো সমাধি নেই........
শুধুই রেখে গেছে ঘন পৌষের মতো
সবটুকু ভালোবাসার দায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

