যদি জানতে, পিতার নাম কিংবা তার পিতার নাম কিংবা তার পিতা __
তবে তুমি ভেদ ভুলে ভাষায় আর বোধের ভেতর গেঁথে দিতে ভ্রাতৃত্ব ;
যদি জানতে, অষ্ট্রিক দ্রাবিড় মঙ্গোলীয় নিগ্র হিন্দু যবন একই বৃক্ষের অভিন্ন পাতা __
তবে ভেদে ভীষণা হতে না, পোড়াতে না বাড়িঘর, খাবলে ধরতে না অপরের অস্তিত্ব।
গোত্র ভাবনায় তুমি বিভেদের অনলে নিজে জ্বলো, জ্বালায় অফিস আদালত আস্তানা ;
তোমার উৎপত্তি, তোমার ক্রমবিকাশ, তোমার সভ্যতার ইতিহাস তুমি একটুকুও জানোনা ?
না জেনে হুজুগে হুল্লোড় করো, মিছিলে যাও, মাথা কাটো, খাও রুধির রঙিন সরবত __
কর্ম করোনা, ধর্মকে বর্ম বানিয়ে, স্বার্থকে ব্রত করে, বাজাও মিথ্যে আর মেকির নহবত।
তুমি আদিবাসি মানুষের ইতিহাস পড়ো, তুমি মানবজাতির ক্রমবিকাশের ধারাটি পড়ো ;
তুমি সভ্যতা আর ধর্মকে অনুপুঙ্খ বিশ্লেষণ করো, আপাত অর্থকে কেনো অপরিহার্য ভাবো __
তুমি ভাষার, ধর্মের, সমাজের সভ্যতার উৎসকেন্দ্রগুলো এক বার ঘুরে আসো ;
দেখবে, মানবতা, শৃংখলা, ভ্রাতৃত্ব, উদারতা, ন্যায়, সত্য, আর সুন্দরের চিত্র ।
কোন পুঁথি পাঠ্য ছিলো তোমার, কোন শিক্ষক তোমাকে দিয়েছেন পাঠ, শুধু ভেদবুদ্ধি করো ;
জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মাড়িয়ে যাও, অহেতুক ভ্রাতার মাথায় অস্ত্র ধরো।
০৮.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



