প্রতিদিন ভোরে সূর্যের আলোয় ঘুম ভাঙ্গে,
ডানা ঝাপটায় পাখিটা, অনেকক্ষণ, একটানা।
ধপাস করে যায় বসে, ক্লান্ত, বিষন্ন, কাতর
উড়ার মন নেই, কৌতূহল নেই তীব্র বেদনাহত।
ডানাওয়ালা পাখিটা,
আজব পাখি ডানা ঝাপটায়
প্রতিদিন ভোরে নিয়ম করে।
গেরস্ত ঘরের চৌকাঠে বসা মস্তবড় পাখি
পাড়ার সব লোকে চেনে আজব পাখি নামে।
টিনের কৌঠায় পানি দেয়, বাটিতে সুস্বাদু খাবার
শরীরে বল কম নেই, স্বাস্হ্যবান, তাগড়া জোয়ান
ডানা ঝাপটায় আর অবসাদে কাটায় প্রহর।
আজব পাখি উড়তে চায়, নড়াচড়ায় ক্লান্ত।
পাখিটার মাথার উপরে টিকির মত,চিনার উপায়
পাড়ার সবাই চিনে আজব পাখি নামে।
গেরস্ত ঘরের কর্তা সাহেব এখানে সেখানে গল্প করে
পাখিটা অনেক বড়, দীর্ঘদেহী টিকিওয়ালা, লালঠুঁট
চোখের আড়াল হলেই চটপট করে, খুঁজে ফিরে।
ডানা ঝাপটায়, উড়তে চায়,
ক্লান্ত শরীরে অবসাদ কাটায়
দু’পায়ে বাঁধা শেকল,
চামড়া কেটে দাগপড়ে,পুঁজ ঝরে
তার খোঁজ কেউ রাখেনা।
আমাদের পুরোসমাজে পুঁজেভরা, দাগকাটা
শেকলের দাগ, পুরানো শেকল।
মাঝে মাঝে ডানা ঝাপটায়
আজব পাখির মত,
গেরস্ত ঘরের চৌকাঠেই তার সীমানা।
আজব পাখি। রহস্যে ঘেরা।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



