যদিও আমি পথহারা পথিক
তবুও আমি জীবনকে অন্যভাবে সাজাই,
কেউ আমায় অপারগতার ব্যথায়
জ্বালিয়ে পুড়িয়ে গেছে বলে
আমি আজ আর আহত হই না।
আমার পৃথিবীটা এখন অনেক বড়
সেখানে ভালবাসার অনুষঙ্গ আমাকে
স্পর্শ করে, আরো গভীর থেকে
গভীরে, যতটা করলে মানুষ মানুষ হয়ে উঠে।
মাসের প্রথমে বেতন পেয়ে ছুটে যাই
গরীব অসহায় শিশুদের মাঝে।
বিপুল উৎসাহে নতুন জামা খাবার দিয়ে
আমি তৃপ্ত হই অন্যরকম ভালবাসার সুখে!
যখন দেখি অসহায় কোনো মানুষ
জীর্ণ কাপড়ে দাঁড়িয়ে, আমি তখন তার দেহ
ঢেকে দেই ভালবাসার পরম ছোঁয়ায়,
সেই অসহায় মানুষের হাসিটা আমাকে প্রাণ দেয়।
সময় পেলেই ছাদের চড়ুইদের খেতে দেই চাল ডাল
ওরা কিচির মিচির করে স্বর্গীয় সুখে
আমাকে ভাসায়,আমি আনন্দিত হই
শত অপ্রাপ্তির মাঝেও অন্য এক প্রাপ্তিতে।
অনেক যত্ন আত্তিতে প্রিয় গন্ধরাজ গাছটি আজ সুশোভিত
জল দিয়ে পরম যত্নে বুলিয়ে দেই হাত,
আলতো করে ছুঁয়ে বলি কিরে কেমন আছিস?
তোর তো আমার মতো বোবা কষ্ট থাকার কথা নয়!
এভাবেই আমার এক একটি দিন কেটে যায়
এক একটি মাস, বছর কেটে যায়
অন্যরকম ভাবে, তোমারো সময় হারিয়ে
জীবন ধূসর ধূম্র হয়, জীবনের নিয়মে।
তবুও আমি এক বুক কষ্ট চেপে বলি
বেশ আছি, ভালই আছি, সুখেই আছি।
অপূর্ণ স্বপ্নের মাঝে নানা স্বপ্নের বীজ বুনে
দেহ মন্দিরে ঘুণ ধরেছে সময় যাচ্ছি গুনে।
১০.৩০,সকাল
১৪.০২.২০১৩
ঢাকা
ফোটুক: গুগলি মামা
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




