আমার ভাবনায় আমি - ২
আকাশ ছোঁয়ার সাধ্য আমার নেই। চেষ্টা করিনা কখনও। শুধু দেখি। দেখি এর বিশালতা, এর ব্যপকতা। আমার জ্ঞান সীমিত। তাই নির্ণয় করতে পারিনা আকাশের বিস্তৃতি। জানতে পারিনা এর সীমা-পরিসীমা। আমার আকাশকুসুম ভাবনাগুলো খাঁচাবদ্ধ পাখীর মতো ডানা ঝাপটায়। একসময় ক্লান্ত হয়ে থেমে যাই। চারদেয়ালে ঘেরা চিরচেনা এই গন্ডির মধ্যে আমি এক কূপমন্ডুক। নিজের অক্ষমতাকে কেন্দ্র করে এক কাল্পনিক বৃত্তবলয় রচনা করেছি। যা আমাকে আস্টেপৃষ্ঠে বেঁধে রাখে।
এই বলয় থেকে আকাশটা আমি পরিষ্কার দেখতে পাই। আর দেখতে পাই বেশ কিছু উজ্জ্বল নক্ষত্র। জ্ঞানগরিমায় মহিমান্বিত ও শাশ্বত কিছু মর্ত্ত্যের মানুষ। আমার কাছে যাঁরা আকাশের এক একটা উজ্জ্বল নক্ষত্রের মতো। তাঁদের বিশাল হৃদয়, ঈর্ষণীয় ব্যক্তিত্ব আর অগাধ জ্ঞানসম্ভার আকাশের নক্ষত্রের মতোই কেমন যেন ধরা ছোঁয়ার বাইরে মনে হয়। তাদের অতিমানবীয় গুণাবলী আমাকে স্মরণ করিয়ে দেয় আমার নিজের সীমাবদ্ধতা। আমি যেন তাদের তুলনায় অতীব ক্ষুদ্র এক তৃণকুটা।
কোন মানুষের কৃতিত্ব মানেই তার ক্ষমতার নিদর্শন নয়। আমি অধম হলেও উত্তমের কোন উচ্চতা আমাকে উজ্জ্বল কিংবা ম্লান করতে পারেনা। আমি আমার যোগ্যতাকে প্রাপ্তির কাঠগড়ায় কখনও দাঁড় করাতে চাইনা। নক্ষত্রের ঔজ্জ্বল্য কারো জন্য সহজলভ্য হলেও আমি তা সবসময় দুষ্প্রাপ্যের তালিকায় রেখে দেই। তাই কখনো অহেতুক আহাজারি করিনা। আমি গ্রহবাসী, কিছু কিছু নক্ষত্রের আলো আমার কাছে পৌঁছুতে কয়েক আলোকবর্ষ লেগে যায়। অথচ আমি ক্ষণজীবি এক অনুজ্জ্বল মানুষ। আমার সৌভাগ্য আমি সেই নক্ষত্রগুলোর আলো দেখে যেতে পেরেছি। আকাশ ছুঁতে না পারলেও অনেক ঐশ্বরিক আলোর ছোঁয়া পেয়েছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

