কবি কবিতাকে বলে,
তুই আমার প্রাণের স্পন্দন;
বুকের ভেতর আকুপাকু করা
না বলা কথাগুলো তুই
কেমন করে যেন বলে দিস।
কবিতা কৃতজ্ঞতায় নতজানু হয়ে বলে,
ও প্রাণের কবি,
তুমি আর আমি যে এক;
কাব্যসাগরে তুমি এক ময়ূরপঙ্খী
আর আমি অশান্ত ঢেউ।
দুজনে মিলেই তো বানাই কাব্যের স্বর্গ।
তুমি পৃথিবীতাকে অমন করে
দেখ বলেই তো আমি এত সুন্দর।
এত প্রেমময়, ভালোবাসায় টুইটম্বুর,
আবেগে উচ্ছল।
কবি বলে, নারে না,
তুইতো আমার বিদ্রোহ,
নিয়মভাঙার হাতিয়ার।
বুকের ভেতরের জমাট জ্বালা ,
দগ্ধ বুকের অপমানবোধ-
তুইতো এসবের ভাষাময় চিত্র।
কবিতা এসে হেসে বলে,
বিদ্রোহ আর জ্বালা,
দুঃখদহনে কালা
হৃদয়, সেতো ভালোবাসারই ভিন্নরূপ।
তুমি চাও তাই তোমার প্রেম
হাতুড়ি হয়ে ওঠে ,
শক্ত আঘাতে ক্ষতবিক্ষত করে
পাঠক হৃদয়।
তুমি চাও তাই তোমার ভালবাসা
রাইফেলের গুলি হয়ে ছোটে,
হটাৎ আকস্মিক কঠিন ভালোবাসায়
স্তব্ধ করে দেয় পাঠকের হৃদস্পন্দন।
তুমি চাও বলেই তো ঐ কুৎসিত কদাকার
এবড়ো থেবড়ো চাঁদ হয়ে ওঠে
মায়াবি,কোমল ও মোহময়।
তুমি চাইলেই হয়ে ওঠে ঝলসানো রুটি।
ওগো কবি, তুমি ভাবো যেভাবে
আমি সেভাবেই সাজি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





