আমার কাঁধে তোমার হাত রাখ
তোমার স্পর্শে প্রাত শিউলির মত ঝরে পড়ুক
আমার বর্ষ পুরোন কষ্ট!
সভ্যতার জোয়াল আর
জীবনের দীর্ঘশ্বাস বইতে বইতে
ভীষন ক্লান্ত আমার কাঁধ!
আলতো হাতে তুলে ধর
আমার চোখের উপর নেমে আসা চুল।
আকাশ দেখতে ইচ্ছে করে ভীষন;
ঝকঝকে নীল আকাশ!
স্তুপে স্তুপে কালো মেঘ দেখতে দেখতে
বড় ক্লান্ত আমার চোখ!
তোমার উষ্ণ বাহুর আলিঙ্গনে
বাঁধ আমার বুক।
আমার বুকে স্বপ্ন পোড়াতে পোড়াতে
আর অবশিষ্ট নেই কিছুই।
যন্ত্রনার অগ্নিবাণে নিশ্বাস নিতে কষ্ট হয় ভীষন।
জীবন আর মৃত্যুর সাপ-বেজি খেলায়
বড় ক্লান্ত আমার বুক!
তুমি জানো! জানো কি!
আমার ভীষন ইচ্ছে করে;
চোখে কাজল আঁকতে,
শাড়ির কুচিতে জীবন সাজাতে,
শরীরে চন্দনের সৌরভ ছড়াতে।
ইচ্ছে করে;
খোলা চুলে ফুল গুজে দেই,
রক্তের প্রতি কনায় নারীত্ব জাগাই,
একটা ঘর দীপের আলোতে ভরিয়ে দেই।
আমার খুউব ইচ্ছে করে;
ভালবাসার খেলায় আমিও জিতি,
বিশ্ব সংসার পিছনে ফেলে তোমার হাত ধরি।
খোলা রাস্তায় চিৎকার করে বলি;
ভালবাসি... ভালবাসি...
পারি না! পারি না!কিছুতেই পারি না!
ইচ্ছেগুলোকে অরণ্যে ছোঁয়াতে,
পারি না ভালবাসাকে আকাশ ছোঁয়াতে।
সভ্যতার প্রস্তর আঘাতে আমি ক্ষত বিক্ষত
সময়ের নরককুপে আমি ক্ষণে ক্ষণে মরি।
তুমি জানো কি!
আমি এখন তাচ্ছিল্যের হাসিতে
নিজেকে প্রবোধ দেই;
লাশের কোন স্বপ্ন থাকে না!
মৃতদের ভালবাসতে নেই।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



