যদি দেখা হয়, বলবনা ফিরে যাও;
গাড়ল পতির কাছে দস্যুতা শিখেছ,
ভালবাসলে ভালবাসতে হয়
বিনিময়ের এই সরল সমীকরণ ভুলে গেছ এত সহসাই?
নতুবা এই ষোলটি বছরে বঞ্চনার ষোলোকলা পূর্ণ করেও
বিধিনিষেধের এত আড়ম্বরে কিভাবে আড়ালে ঢাক নিজেকে আবার।
যদি দেখা হয় অদূরে বা সুদূরে,
আসছে শীত বা আরেক বসন্তে,
কালের ক্লান্তির ক্ষয়িষ্ণু যৌবন হাহাকার চাপা বুকে;
আমি খুব করে তোমাকে কাছে টেনে নেব
এক লহমায় পূর্ণকরে নেব অপূর্ণতার সাতটি মহাকাশ।
যদি সত্যিই দেখা হয় আবার আমাদের
তোমার সব অপরাধ আমি ক্ষমা করে দেব,
ওষ্ঠের ত্রিকোণ রেখার নিপাট মুগ্ধতায়
দুইয়ে দুইয়ে চারের এই বৈশ্বিক নিয়মই আমি মেনে নেব;
সময়ের ফোঁড়নে দুইয়ে দুইয়ে পাঁচের হিসেব কষে যারা আস্ফালন করেছিল,
বিকলাঙ্গ সমাজের দোহাই আর চিৎকারে
তোমার চোখের জল তোমারই ত্বকের ভাঁজে ফেলেছিল লবনের ছোপ ছোপ দাগ,
তাঁদের সেই দম্ভের চিৎকার প্রতিধ্বনিত হবে প্রস্তর যুগের পাহাড়ে পাহাড়ে;
আমাদের হাহাকার চাপা বুকে খাখা রোদের অমোঘ তৃষ্ণা,
যদি দেখা হয় তুমি আমি ঠোঁটে পুরে নেব
দিগন্ত জোড়া জলজ মেঘের সবটুকু জল।
৬ই জুলাই ২০১৬
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

