অযুত বছরের স্মৃতি নিয়ে
স্মৃতিহীন মোরা,
ধোঁয়া ধোঁয়া আঁধারের মত
সমগ্র নীলিমা ছেয়ে ছিল চৈত্রের কালো মেঘে;
তুমি এসে এঁকে দিলে রংধনুর আঁচ আকাশের গায়ে,
যেই স্পর্শ করলে বিরান কাননের শুকনো লতা
অমনি হাজারো পুস্পে ছেয়ে গেল বিথীকার বন।
কাছে আসার অনন্ত বাসনাই যদি পুষেছো মেয়ে
অর্গল চেপে রাখা বুকে কর তুমি জ্যোৎস্নার চাষ;
জাগতিক নিয়মের টুটি চেপে ধর,
আবার শিখিয়ে দাও
ভালবাসার নিপুণ কবিতা,
কিংবা শরীরের শরীর বোঝার অশ্রুত সংলাপ।
লৌকিক আচারের নিকুচি করে
যদি বল আমি স্মৃতিহীন রয়ে যাব মৃত্যু অবধি,
যেন এই লোকালয়ে তুমি আমি ছাড়া
সবকিছু অস্তিত্ব বিহীন।
আমরা শুধু বৃক্ষের কথা ভাববো, কিংবা উন্মুক্ত নীলাকাশ,
অথবা প্রবাহমান নদীর কথা;
কেননা প্রণয়ের শুদ্ধতার প্রতি এদের কোণ বৈরীতা নেই।
যদি বল শ্রুতিহীন হতেও দ্বিধা নেই
তোমার মেঘের মত চোখের দিকে তাকালে
বৃষ্টির শব্দের প্রেম অতটা প্রয়োজনীয় নয়।
৩১শে অক্টোবর ২০১৬
যুক্তরাজ্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

