আমি এক সময় খুব স্বপ্ন দেখতাম, আপনাদের আর সবার মত। চলতে-ফিরতে, উঠতে-বসতে, ভাবনাতে ছিল শুধুই স্বপ্ন। দেশকে নিয়ে, সমাজকে নিয়ে, মা-কে, বাবা-কে নিয়ে। জীবনে বড় কিছু করার স্বপ্ন। সেই স্বপ্নকে নিয়েই আমার ছিল যত জ্বালা, যত যন্ত্রণা। সেই অকৃত্রিম স্বপ্নগুলো-কে বাস্তবে রূপ দিতে না পারার যণ্ত্রণা।
স্বপ্নগুলো-১
স্বপ্নগুলো, আমায় বড় জ্বালায়।
সময়ে-অসময়ে, কারণে-অকারণে
দিবা-নিশি, ক্ষণে ক্ষণে
আমায় শুধু কাঁদায়।
মাথার মধ্যে হাজার হাজার, শত শত
কিলবিল করে, ক্ষুদে উকুনের মত।
পাগল হয়ে অহরহ কামড়ায়।
ঝাঁটা মেরে দূর করে দেই সব।
আবার আছড়ে পড়ে পায়ে,
সুড়সুড় করে বেয়ে ওঠে গায়ে -
পানি-জোঁকের মত রক্ত শুষে খায়।
স্বপ্নগুলো, আমায় বড় জ্বালায়।
বেরিয়ে পড়ি এদিকে সেদিকে
যেদিকে দু'চোখ চলে যায়,
ভুলিতে চাহি' ছলে-বলে-কৌশলে,
স্বপ্ন সেথা আমার আগে ধায়।
ঊর্ধে শূণ্য আকাশ
সামনে ধূ ধূ মাঠ,
নিস্ফল আশায়, ব্যর্থতায় -
স্বপ্নগুলো, বুড়ো শকুনের মত
শুধু শুধু ঠোকরায়।
স্বপ্নগুলো, আমায় বড় জ্বালায়।
হতাশ মনে, ক্লান্ত দেহে
ফিরে আসি ঘরে,
এলিয়ে দেই শ্রান্ত শরীর
কঠিন কাঠের বিছানায়।
চোখ জুড়ে আসে ঘুম।
স্বপ্ন-রাণী কখন জানি এসে
এঁকে দেয় চুম, চোখের পাতায়।
স্বপ্নগুলো, আমায় বড় জ্বালায়।
উড়ে চলি ফের স্বপ্নের দেশে
নতুন স্বপ্ন এঁকে এঁকে
সোনালী চিলের ডানায় -
স্বপ্নগুলো, আমায় বড় জ্বালায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

