শুকতারা তোমার ভাবনায়
সুতীব্র সুখের শ্রাবণ-ধারা
বয়ে চলে আমার ধমনিতে।
উত্তাল সমুদ্রে তরী বেয়ে
চলেছি আমি-
ঝড়-ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময়ে
অথবা মাতাল স্রোতের টানে
পথ হারালেও নির্ভয়ে থাকি
আমার অস্তিত্বে আছ বলে।
তোমার ভালবাসার আলোয়
স্নান করে সিক্ত আমি
শিহরিত হই ক্ষণে ক্ষণে,
ভরা-কটালের স্ফীত সমুদ্রের মত
জেগে ওঠে আমার ভালবাসার সত্ত্বা।
তবু তুমি বহুদূরে-
কক্ষচ্যুত হয়ে
আসবেনা জানি কখনো
এ যে তোমারই চাওয়া,
না হলে হারাব তোমাকে
হারিয়ে যাব আমিও,
তোমার মিলনের প্রচণ্ডতায়
ধ্বংস হয়ে যাবে এ
মায়াময় মর্ত্য!
আকাশেই থাক তুমি
আমি বহমান তরণীতে বসে
অপলক চেয়ে থাকবো
নীরবে, সকাল-সন্ধ্যা,
সাগরের কাছে বলবো না কখনও
লোনা-কাব্যের কথা।
শুধু সাগরের লোনা আর নেত্রের লোনা
এক হয়ে মিশে যাবে সাগর বক্ষে।
চেয়ে থাকতে থাকতে
ঘুমিয়ে পড়বো যখন-
স্বপ্নে স্বপ্নে হব বিভোর
একমাত্র স্বপ্নেই লাগবে না
কোন কাল দাগ আলোতে।
দূরে আছ, তবুও না হারানোর সুখে
বুকে সুপ্ত আগ্নেয়গিরি ধারণ করে
বিলাসী আমি, অনন্তকাল ধরে
গড়ে যাব কারুকার্যময় স্বপ্ন-বিলাস।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২১ দুপুর ২:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



