শাফিক আফতাব............
এক বিশেষ শৈলীতে ঋদ্ধ করো, পূর্ণ করো, ভরিয়ে দাও _
হৃদয় ভরে দাও বায়বীয় ভালোবাসার অফুরন্ত ঘ্রাণ ;
আবার একটু অবিশ্বাসের ঝলকানিতে কোথায় যেন উধাও,
পঙ্কিলতা আর বিষে ভরে যায় প্রেমের পূর্ণ প্রাণ।
তোমাকে বর্ণনার ভাষা খুজিঁ, পাইনা বর্ণমালা বাক্যগঠনের,
তোমাকে আকার দিয়ে রঙিন করতে চাই, পাইনা কাঠামো_
তুমি শুধু মানসী প্রতিমা আমার শুধু আনন্দ অনুভবের ;
অথচ তোমাকে পেলে সেরে যায় জীবনের যত ব্যামো।
এক মসৃণ আলতো অনুভবে তুমি দাও ঘ্রাণিল আবেশ_
তার জ্যোতি নিয়ে আমি ভ্রমণ করি পৃথিবীর আকাশ, নদী ;
যদি প্রাণে থাকে তোমার শাশ্বত সুন্দর ভালোবাসার রেশ
আমি বেঁচে থাকি, ফসল ফলাই, নদীরাও চলে কালনিরবধি।
তোমার বিশেষ শৈলীতে আমি বনলতা, জড়িয়ে যাই দেহলতায় ;
জীবন আমার তাই ভরে গেছে অজস্র গান আর কবিতায়।
১৩.০৭.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


