তোমাকে ভালোবেসে চেয়েছি নীড়ে ফেরা পাখীর নীড়
তোমাকে ভালোবেসে চেয়েছি এতটুকু শান্তির শিশির
তোমাকে ভালোবেসে চেয়েছি একটি নিরাপদ নিলয়
তোমাকে ভালোবাসতে চেয়েছি আমি যে ক্লান্তময়।
ভালোবাসলে, দিলেনা নিসর্গের অনুপম অনুভুতি,
কাছে আসলে সুরায় সুধায় মদির করলে, দিলেনা শান্তি
তোমাকে ভালোবেসে পেলাম কর্মক্লান্ত শ্রমিকের মজুরী ;
তুমি হতে পারলে না শাশ্বত পূজারী, বিদুষী নারী।
তুমি স্মার্ট আধুনিকা, খণ্ডকালীন অধ্যাপকের সংক্ষিপ্ত পাঠ,
পারিশ্রমিক আর সম্মানী নিলে কড়ায়গণ্ডায় বুঝে ;
বৃষ্টি শেষে শূন্য পড়ে থাকলো আমার বিশাল কান্দর মাঠ,
তুমি ক্যাফের কফির চুমুক, স্বার্থের রঙিন পিলসুজে।
তোমাকে ভালোবেসে চেয়েছি শাশ্বত শান্তির নীড়
ভালোবাসা অমরার রূপ, ধরায় পাবেনা দুফোটা শিশির।
১৭.০১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



