নীড়ে ফিরি, মুলি বাঁশের বেড়ার ঘরে
ভাঁটফুলের বনে লুকাই তুমি আমি
এসো কলাবাগানের ভেতরে মন ভরে
ভালোবাসি, ঝিঁঝিঁদের সুমধুর ডাক শুনি।
দিঘির জলে দিই অবাধ সাঁতার, লাজুক নদীর ভীড়ে গা ভাসাই
ধবধবে সাদা অনুভব নিয়ে শরতের সকালে এসো কাশফুল দুলি
এসো নগ্ননগরীর কৃত্রিম ভালোবাসার কথা সমুদয় ভুলি
আবার ফিরে যাই, পূর্বপুরুষের বাস্তভিটায়,বাজাই পুরনো শাঁনাই।
পাথরের শহর তোমাকে দিয়েছে প্রযুক্তির অভিঘাত
তোমাকে ভুলিয়ে দিয়েছে চৌদ্দপুরুষের নাম __
তুমি স্বার্থের পিছে ছুটে কামুক, লম্পটকে করছো প্রণাম
তুমি ভুলে গেছো গ্রামীণ রমণীর দুধমাখা ভাত।
চলো আবার গ্রামে ফিরে যাই, না হয় লাঙলের মুঠি ধরি
কী হবে এই ভুল পাঠে, শুধু মিথ্যা, লুটোবে, টেন্ডার, রঙিন পরি।
১১.০৯.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




