আমি যাঁদের পাশে ছিলাম, যাঁরা আমাকে নক্ষত্রের গতি দেখাতো
যাঁদের আলোকোচ্ছটায় আমি চেতনা পেতাম, যাঁরা বোধের ভিতর
গেঁথে দিতো রক্তের অঙ্কুর, তারা নীরবে প্রস্থান করলো। পিছন ফিরে
দেখি, খালি খালি লাগে,মনে হয় হাটশেষে বাড়ি ফেরা আমি শেষ রাজারে।
এখানে কত পুরুষের রক্তের দাগ, প্রতিবাদের ভাষা, কত পুরুষের প্রেমের
কাহিনি, কত পুরুষের বিনিদ্র রজনীর নিঃসঙ্গতার গান, কত ত্যাগ আর
তিতিক্ষার ফিরিস্তি। তিল তিল করে গড়া এই সভ্যতা আর কবিতার ইমারত
সেইসব পুরুষের কঙ্কাল আজ মৃত্তিকার দেহে মিশে উর্বরতার ভাগাড়।
আমি যাঁদের পাশে ছিলাম, কেউ সরে গেছে কেউ মরে গেছে, কেউ অভিমানে
গনগনে অাগুনে পুড়েছে হাত, কেউ এই সময় ও সমাজের কাছে হেরে গিয়ে
ভিনদেশে হয়েছে অভিবাসি__আমি ক্রমশ একা একা হয়ে হয়েছি নিঃসঙ্গ এক
শেষরাতের জেগে থাকা পক্ষী, আমার চেতনায় দায় আর দায়িত্বের ভার।
যাঁদের পাশে ছিলাম, তারা নেই, যাদুর গুঁটির মতোন মিলে গেছে অনন্তে ___
আমি কী করে একা থাকি, কী হবে এত উৎসবের এই অজস্র ফুলের বসন্ত..!!
২২.১১.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



