মনেই হয় না ; এখানে আমি ছিলাম __
এই জীর্ণ স্যাঁতস্যাঁতে মেসটিতে ; ঘিঞ্জি গলির ভেতরে আমাদের আড্ডা ছিলো
তুমি মাঝে মধ্যে এখানে আসতে __তোমার অনাঘ্রাত মনটিও তুমি দিয়েছিলো
এখানে__এখানেই তোমাকে পেয়েছিলাম__তোমার ভালোবাসার গল্প বলেছিলে
এই বারান্দায়, সন্ধ্যায় আঁধারে। পৃথিবীর পুরনো বনানীর ভেতরে তুমি এখানে
নিয়েছিলে আমায় __এটাই ছিলো পৃথিবীর সুন্দরতম বেলাভূমি। রুমি।
আজ মনেই হয় না __এই আমি কত সহজ আর সুলভ ছিলাম
তোমার এক চিলতে ভালোবাসার জন্য কতই কেঁদেছিলাম আমি
তোমার জন্য ঠাঁয় দাঁড়িয়ে ছিলাম কত বসন্তের বেলা __
তুমি শিল্পপতি মানুষের মতোন কতই অহঙ্কার করতে, নির্বাহী কর্মকর্তার
মতোন কেমন দুর্ব্যবহার করতে __ওসবের কিছু্ই মনে করিনি আমি।
ভালোবাসা দেবে বলে বুভূক্ষ শিশুর মতোন অপেক্ষায় ছিলাম।
আজ মনেই হয় না তোমার ভালোবাসার জন্য আমি এতই দুর্বল ছিলাম
তোমাকে পাবার জন্য আমি ছেড়েছিলাম ঘর, পৈত্রিক নিবাসের খোঁজ রাখিনি
একদিন__এই তুমি আলীশান ভালোবাসায় মুগ্ধ করবে বলে বাবার জমির
দাগ খতিয়ানের খোঁজ করিনি কখনো। সাংসারিক বিষয় আষয় কিছুই জানিনি।
মনেই হয় না এখানে ছিলাম __তোমার জন্য এতই দুর্বল ছিলাম আমি
এই জীর্ণ স্যাঁতস্যাঁতে মেসটির ঘিঞ্জি গলির ভেতর তুমি আমাকে মন দিয়েছিলে ;
তোমাকে পাগলের মতোন ভালোবাসতাম__আর তুমি এখানেই খুলেছিলে
ভালোবাসার বোতাম।
১৫.০১.২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

