
বাংলাদেশী জনগণের মতো স্বাস্থ্য বিষয়ে অসচেতন জাতি বোধহয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। তাইতো 30 বছর পার হতে না হতেই ছেলেরা স্থূল শরীর, সযত্নে লালিত নাদুস নুদুস একটি পেট আর মুখে বয়সের ছাপ নিয়ে দিনাতিপাত করে।
2006 সাল। বাংলাদেশের আর দশটা ছেলের মতো আমিও চিমসানো চেস্ট আর এক বড় পেট নিয়ে দিন যাপন করছি। প্রচলিত ভাষায় যেটাকে ভুড়ি বলা হয়। মাথা থেকে দ্রুত উঠে যাচ্ছে চুল। চোখে মোটা লেন্সের চশমা। সব মিলিয়ে বয়স যেন দিন দিন ১০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের গতিতে বেড়েই চলছে। চুল, চেহারা, স্বাস্থ্য সব কিছু নিয়ে যেন একটি ধ্বংস স্তুপে অবস্থান করছি।
পরিবর্তনের প্রতি আমার আগ্রহ সব সময়েরই। ভাবলাম এই অবস্থার পরিবর্তন হলে কেমন হয়? ছাইয়ের স্তুপ থেকে নিজেকে আবার তৈরি করবো নতুন করে। যেই ভাবা সেই কাজ। অবস্থার পরিবর্তনের জন্য অনেক কাজই করেছি তবে আজকে শরীর গঠন করার জন্য যা করেছি শুধু সেটাই উল্লেখ করবো। আমাদের বাসা থেকে অল্প একটু দূরেই হারুন জিম। সেখানে গিয়ে ভর্তি হলাম। প্রবল উৎসাহ নিয়ে সকাল-রাত দুই বার গিয়ে ব্যায়াম করছি। সকালে করছি পেটের ব্যায়াম আর রাতে করছি চেস্টের ব্যায়াম। ছেলেদের মধ্যে অনেক ভালো ভালো ফিগার দেখলাম। অনেকে আছে দীর্ঘ বছর ধরে ব্যায়াম করছে। দেখার মতো শরীর তৈরি করেছে। ব্যায়াম করতে গিয়ে বুঝলাম শরীর বানাতে গেলে যা লাগে সেটা হলো শুধুই ধৈর্য এবং ইন্সট্রাকটরের দেওয়া ইন্সট্রাকশন নিয়মিত অনুসরণ করা। তবে ইন্সট্রাকশনের ধরণ শরীরের গঠন অনুযায়ী ভিন্ন হয়। একজন ভালো ইন্সট্রাকটরের বৈশিষ্ট্য হলো তিনি কোন শরীর দেখেই বুঝতে পারেন, এই শরীরের জন্য উপযুক্ত ব্যায়াম কী হবে।
জিমে দীর্ঘ সময় দিয়ে আমার মনে হলো ব্যায়াম করার ক্ষেত্রে টিউমারের মতো ফোলা ফোলা পেশী বানানোটা গুরুত্বপূর্ণ নয় বরং শরীরের একটি সুন্দর আকৃতি দেওয়াটাই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো সবচেয়ে উপকারী। জিমের মালিক তথা ইন্সট্রাকটর আমাকে প্রচুর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ দিলেন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো নিয়মিত করার ফলে খুব শীঘ্রই শরীরে দীর্ঘ সময় ধরে কাজ করার এনার্জী বৃদ্ধি পেতে লাগলো।
জিমে অনেকেই প্রবল উৎসাহ আর আগ্রহ-উদ্দীপনা নিয়ে ব্যায়াম করা শুরু করে কিন্তু কিছুদিন যাওয়ার পর যখন দেখে হাতে হাতে ফল আসছে না অথবা শরীর ব্যাথা করে তখন অধিকাংশ ছেলেই ব্যায়াম ছেড়ে দেয়। ঋতিক রোশন বা সালমান খানের মতো বডি যে চাইলেই পাওয়া যায় না বা বানানো যায় না এটা যখন তারা বুঝতে পারে তখন তাদের মোহভঙ্গ হয় এবং ব্যায়াম ছেড়ে দেয়। বিশাল ভুড়ি নিয়ে প্রচুর লোককে আমি সাময়িক সময়ের জন্য ব্যায়াম করতে দেখেছি। কিছুদিন পরেই কষ্ট সহ্য করতে না পেরে তারা জিমে আসা ছেড়ে দেয়।
আমি ছাড়িনি। দাতে দাত চেপে জিমের ইন্সট্রাকশন মেনে চলার চেষ্টা করেছি। ইন্সট্রাকটর আস্তে আস্তে ব্যায়ামের সংখ্যা বাড়িয়ে দিলেন। এক বছর যাওয়ার পর তিনি ডাম্বেল এবং বারবেলের কিছু ব্যায়াম দিলেন। বিভিন্ন স্টাইলে বুকডন তথা পুশআপ দেখিয়ে দিলেন। বিভিন্ন স্টাইলে পুশআপ দেওয়ায় এক বছর পরে প্রতিদিন 500 করে বুকডন দেওয়া শুরু করলাম। দীর্ঘ দেড় বছর ব্যায়াম করার পর ফলাফল পেতে লাগলাম। শরীর আস্তে আস্তে একটি সুন্দর আকৃতি নিতে লাগলো। দুই বছর পরে 2008 সালে এসে জিমের নতুন ছেলেদের ঈর্ষাকাতর দৃষ্টি অনুভব করতে শুরু করলাম। অনেকেই এসে জিজ্ঞেস করতো কতদিন যাবত ব্যায়াম করছি। ইন্সট্রাকটরের নিকট থেকে ব্যায়াম সম্পর্কে অনেক কিছু জানলাম। মাঝে মাঝে ইন্সট্রাকটর অনুপস্থিত থাকলে আমাকে ইন্সট্রাকশনের দায়িত্ব দিয়ে যেতেন। 2008 এর মাঝামাঝি এসে দীর্ঘ আড়াই বছর পরে যখন ব্যায়াম ছাড়লাম তখন 30 ইঞ্চি কোমর আর 39 ইঞ্চি চেস্টের এক ফিগার নিয়ে বাড়ি ফিরলাম। আমার হয়তো খুব বেশি মাসল হয়নি তবে শরীরের আকার লাটিমের মতো হওয়াতে দেখতে ভালো লাগতো।
এক বছর ভালই চললো। ফিগার মোটামুটি অক্ষুন্ন থাকলো। তবে ব্যায়াম করে কখনো তা একদম ছেড়ে দেওয়া উচিত নয়। একদম ছেড়ে দেওয়ার একটা মারাত্মক পাশ্ব প্রতিক্রিয়া আছে। হয় শরীর শুকিয়ে যায় নয়তো শরীর অতিরিক্ত মোটা হয়ে যায়। আমার ক্ষেত্রে দ্বিতীয়টি ঘটলো। এক বছর পরে বন্যার পানির মতো হু হু করে শরীর ভারী হওয়া শুরু করলো। পেটে চর্বি জমতে লাগলো। একটা সময় পরে স্বাস্থ্য এত বেড়ে গেল যে মনে হলো সব ভাইদের মধ্যে আমিই সবচেয়ে বড়। মাথায় আবার চুলও নাই। এ অবস্থায় 2013 সাল শুরু করলাম 87 কেজি ওজন আর 40 ইঞ্চি কোমর নিয়ে। বিতিকিচ্ছিরি অবস্থা। অথচ কেউ জানতেও পারলো না, 2008-09 সালে শার্টের নীচে কি মারাত্মক ফিগার নিয়েই না ঘুরে বেড়িয়েছি।
well, 2013 সালের শেষ দিক থেকে এই মধ্য বয়সে আবারো জিমে গিয়ে ব্যায়াম করা শুরু করেছি। ইতোমধ্যে কয়েক মাস পার হয়ে গেছে। অনিয়মিত করলেও টের পাচ্ছি জিমের জুনিয়র ছেলেপিলেরা আমার পেশল হাতের দিকে আবারো আড়চোখে তাকানো শুরু করেছে।
সর্বশেষ এডিট : ০৬ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



