আমাদের মস্তিষ্কের ভেতর চিন্তা নামের একটি সাগর আছে।
মৃত্যুর পরোয়ানা নিয়ে সেই সাগরে ভেসে বেড়ায় কিছু কীট।
সেগুলো আমাদের নিথর করে,
অবশ হয় আমাদের হাত-পা।
কিন্তু আমাদের হৃদয়ের ভেতরও প্রবাহিত হয় একটি শান্ত নদী।
সে নদীর নাম প্রেম।
তাতে ভেসে বেড়ায় অন্যরকম কিছু কীট।
নদী যখন সাগরে গিয়ে মেশে-
অন্যরকম কীটগুলো ধ্বংস করে কীটগুলোকে।
আমরা নিথরতা থেকে মুক্তি পাই,
সচল হয় আমাদের হাত-পা।
মৃত্যু আর বেঁচে থাকার এ প্রক্রিয়া চিরন্তন।
কিন্তু সবই নশ্বর,
আমরাও।
তাই সবকিছুর মৃত্যু ঘটে একদিন-
এমনকি সব রকম কীটগুলোরও।
তবে নদী আর সাগর প্রবাহিত হয় অনন্তকাল।
চিন্তা আর প্রেমের কোনো মৃত্যু নেই।
সুব্রত দত্ত
৩১/০৭/২০১১ খ্রিস্টাব্দ।
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


