একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমি এখানে আমার দুশ্চিন্তা শেয়ার করছি.........
গত কিছুদিন আগে NBR এর নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা হয়ে গেল। সম্ভবত মোট পদ ৮০০ টা । কিন্তু মোট পরীক্ষার্থী ছিল লাখ খানেক। পরীক্ষার কয়েকদিন আগেই প্রশ্ন ফাঁস হল। কর্তা ব্যক্তিরা ওয়াকিবহাল থাকার পরও এই ফাঁস হওয়া প্রশ্নেই পরীক্ষা হল। এ নিয়ে কয়েকটা পত্রিকায় লেখালেখি হলেও পরীক্ষা বাতিল করা হয় নি। তবে ভাবনার ব্যপার হল অনেকের মতে ৮০০ জনের বিপরীতে পরীক্ষার আগেই প্রশ্ন পেয়েছিল হাজার খানেক পরীক্ষার্থী।
এই কয়েকদিন আগে হল ATO এর নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা। এখানেও পদ ৭০০ বা তার কিছু বেশি, পরীক্ষার্থীও লাখ খানেক। লাখ থেকে শুরু করে হাজার টাকায়ও প্রশ্ন মিলেছে পরীক্ষার আগের দিন। প্রশ্ন ফাঁসের সাথে জড়িত লোকদের ঔদার্যে আগের রাতে সাইন্সল্যব গিয়ে প্রশ্ন ও উত্তর দেখে আসার সুযোগ মিলেছে মাত্র একহাজার টাকায়। আমার পরিচিত অনেক ভাইয়ের এই সুযোগ নিয়েছেন এবং হুবহু প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। ১০০ তে ৯৬-৯৯ পাবেন বলে মনে হয়। তবে সমস্যা হল এখানেও পদ সংখ্যার চেয়ে অনেক গুন বেশি পরীক্ষার্থী প্রশ্ন পেয়েছিলেন। এই ব্যাপারটা একদম ওপেন-সিক্রেট ছিল, তারপরেও এতা নিয়ে তেমন কথা হয়নি।
এবার আসি বর্তমানে। আগামী ১২ তারিখ বিসিএস এর লিখিত পরীক্ষা শুরু হবে। ২২ হাজারেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নিবেন। মোট পদ ৫০০০ র মত হলেও কোটায় চলে যাবে অর্ধেকেরও বেশি। ১৫-২০ দিন আগেও দেখতাম প্রিলিতে টেকা ভাইদের কারণে Reading Room এ জায়গা পাওয়া যেত না। কিন্তু গত দুই একদিন যাবত Reading Room ফাঁকা। কষ্ট করে কারণটা জানতে হয়নি, এমনিতেই কানে চলে এল, সবাই নাকি এখন ‘হাউসে’ আছেন। হাউসের ব্যাপারটা পরে বলছি। এখানেও নাকি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। জহুরুল হক হল ও জাগন্নাথ হলের কয়েকজন নেতা নাকি এই প্রশ্ন নিয়ে হাউস ব্যবসা করছেন। হাউসে যেতে হলে লাখ টাকার চুক্তি করতে হয়। কিছুক্ষণ আগেও এক পরীক্ষার্থী ভাই এসে বললেন, “কি করব ভাই বল বাড়ি থেকে দশহাজার টাকা একসাথে চাওয়ার মত অবস্থা নাই। আমি তো আর লাখ টাকের চুক্তি করে হাউসে যেতে পারব না। আমি কি করব”। ভাই কে কিছু বলতে পারিনি, তবে এই আশার বানী হয়ত শোনাতে পারতাম, “ভাই আপনি ওই দশহাজার টাকাই রেডি রাখুন, পরীক্ষার দু একদিন আগে হয়ত ওই প্রশ্ন ব্যবসায়ীরা উদার হতেও পারেন”।
হাউসঃ- এটা এমন এক জায়গা যেখানে আপনি একটা প্যাকেজের মাধ্যমে প্রবেশ করার সুযোগ পাবেন। বিনিময়ে আপনাকে সবগুলো প্রশ্ন সরবরাহ করা হবে। পড়াশোনার সুব্যবস্থা থাকবে। প্যাকেজের মূল্য লাখ বা তার চেয়ে বেশি বা কমও হতে পারে। থাকা খাওয়া একেবারে ফ্রি। তবে পরীক্ষা শেষ হওয়ার পূর্বে কারো সাথে যোগাযোগ করা যাবে না। মোবাইল ব্যবহার সীমাবদ্ধ, এবং ক্ষেত্র বিশেষে নিষিদ্ধ।
কয়েকদিন আগে আমার এক শিক্ষক ক্লাসে বলেছিলেন, আমাদের দেশে এক সময় শিক্ষিত জনগনের মধ্যে Anti establishment sentiment কাজ করা শুরু করবে। মানে এরা ক্রমবর্ধমান অন্যায় ও দুর্নীতির কারনে হতাশাগ্রস্থ হয়ে ধ্বংসাত্মক কাজকর্মে লিপ্ত হবে। সেই রকম কিছুরই আশঙ্কা করছি.........!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


