
সময় বদলের প্ল্যাটফর্ম জুড়ে,
ঘড়ির কাঁটা ডিউটি সেরে চুপ,
মুখোশগুলো পালা করে নাম ডাকে,
আমি শুধু ভুল ট্রেন ধরা লুপ।
ভিড়ের ভেতর সংরক্ষিত নীরবতা,
চেনে না পাশাপাশি সিটও,
নামার আগে কত স্টেশন ফুরোয়,
টের পায় না ক্লান্ত রেলস্লিপও।
মিথ্যে ভালো থাকার মহড়া শেষে,
ঠোঁটগুলো সংলাপ মুখস্থ রাখে,
দীর্ঘশ্বাস জানালার কাঁচে লেগে,
কুয়াশা হয়ে বিপরীতে এসে ঢাকে।
হারানো টিকিট বুকপকেটে রেখে,
ক্ষমাপত্র ফেরে ভুল ঠিকানায়,
চেকিং পেরোনো স্মৃতিগুলো,
আটকে এখনো জংধরা সিগন্যালটায়।
লোহার রেল জানে চাকার নিচে,
পাতার মতো কত স্বপ্ন জানে,
শব্দহীন সেই চূর্ণবিচূর্ণতা,
ঘুমের ভেতরও একশো রকম হৃদয় ভাঙ্গে।
দীর্ঘজীবী হওয়ার প্রার্থনাগুলো,
ঝুলে থাকে ঘোষণা বোর্ডজুড়ে,
অতিরিক্ত সকাল কাঁধে নিয়ে,
দিনগুলো যায় বিলম্বিত সুরে।
শেষ স্টেশনে নামার আগেই,
আমি আমার নাম ভুলে যাই,
আমি আগের আমি নেই আর,
টিকে আছে শুধু যাত্রাটাই।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২৬ সকাল ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


