মাঝরাতে হঠাৎ খিদে পেলে পেটের মোচড়ের থেকে মাথার পোকাগুলোর যন্ত্রণা সামলাতেই বেশি হিমশিম খেতে হয়। ‘খিদে পেয়েছে’ এর চেয়ে খাবার না থাকার হাহাকারটাই পেট টা বেশি পোড়ায়।
এই যেমন এখন। খিচুড়ি খেতে বড্ড ইচ্ছে করছে। ঢাকার হোটেলগুলোর ভুনা খিচুড়ি নয়। ঘরে বানানো পাতিলের তলায় কিছুটা পোড়া লেগে যাওয়া খিচুড়ি। পানি বেশি হলো কি নরম হলো তাতে কিছু এসে যায়না। আগুন গরম ধোঁয়া ওঠা খিচুড়ির সাথে দু চামচ ঘি আর চারপাশ থেকে চিড়ে বেসনে ডুবিয়ে ডুবো তেলে ভাজা বোঁটা সহ ছোট্ট ছোট্ট আস্ত বেগুন।
এই খিচুড়ির জন্য মাঝে মাঝে আমার বেঁচে থাকতে বড় ইচ্ছা করে। মৃত্যুর পর খিচুড়ির ডেক পাবো কিনা এটা নিয়ে মাঝে মাঝে আমার মধ্যে বেশ টেনশন কাজ করে। মরণের পরেও যেন আমার খিচুড়ি ভাগ্য বহাল থাকে এ আশায় মাঝে মধ্যেই নাম না জানা ঈশ্বরের প্রতি আকুতি জানাই।
আমার খিচুড়ি প্রেম সেই ছোটবেলা থেকে। ব্যাচেলর জীবনে সে প্রেম আরও গাঢ় হয়েছে। আর অর্থসংকট এবং বুয়ার নিষ্ঠুরতা সে প্রেমকে দিয়েছে পরিণতি। আমি শুধু খিচুড়ি খেতেই পারিনা রান্নাটাও বোধহয় বেশ ভালোই পারি। নয়তো কি রাত-বিরেতে পুরানো প্রেমিকাদের কেউ ইনবক্সে খিচুড়ি রান্নায় সাহায্য চায়। আর তাকে খিচুড়ির আদ্যোপান্ত শেখাতে গিয়ে আমায় ভুগতে হচ্ছে খিদের যন্ত্রণায়।
হায়রে খিচুড়ি, হায়রে প্রেম...

সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



