আমার বড়মেয়ে জাইনা, এলোমেলো সহ্য করতে পারেনা। ছোটটা ইচ্ছেমত খেলাধুলা করে এখানে সেখানে এটাসেটা ছড়িয়ে রাখে। আমি চুপচাপ দেখি, কিছুই গুছাইনা। জাইনা আমাকে নালিশের পর নালিশ করতে থাকে, আমি একটু অসহায় ভাব নেই "কী আর করবা...ছোটবোন আফটার অল..." নালিশ করে করে ক্লান্ত হয়ে কোমর বেঁধে শেষে নিজেই সে গোছগাছ আরম্ভ করে।
যখন গোছগাছ করে, সে এক দেখার মত দৃশ্য, লম্বা সময় হাতে নিয়ে সব উপুড় করে ফেলে, নতুন করে মুছে/ভাঁজ করে জায়গামত তুলে রাখা, তারপরে আবার ঝাড়ু হাতে নিয়ে ফ্লোর ক্লিন করা। এই গুছাগুছি প্রজেক্টের আওতায় অবধারিতভাবে আমার বইখাতাগুলোও পড়ে। গুছাতে গুছাতে সে যখন জাইবা কে বকা দিতে থাকে, আমাকেও ছাড়েনা---"উফ আম্মু বইগুলো জায়গামত রাখতে পারোনা?" কিংবা "তোমাকে কতবার বলেছি স্কার্ফের জায়গায় নেট আর নেটের জায়গায় স্কার্ফ রাখবেনা!!!" আমি মিনমিন করে একটা "সরি" কিংবা "আর করবোনা" গোছের কিছু বলে সটকে পড়ি।
জাইবার ডাস্ট এলার্জি। বোনকে সে যে হেল্প করতে চায়না, তা না, কিন্তু তার হাঁচি শুরু হলে আর থামতেই চায়না, যেটা পরে ঔষধ খাইয়ে থামানো লাগে। তাই বড়বোন তাকে বকা দিতে থাকে "জাইবা সরো তো, দুনিয়ার ডাস্ট এলার্জি সব তোমার, তাই কষ্ট করে আমাকেই এসব করতে হয়!!" সে তার নানুসোনাকে নালিশ করে, "আমিই তো জাইবাকে দেখে রাখি, ঘরদোর গুছিয়ে রাখি। আম্মু আমাকে তারপরেও আদর করেনা। নিজে তো কিচ্ছুই করেনা, শুধু আমাকে বকা দেয়।"
আর আমি অবাক হয়ে ভাবি, আমার এই জাইনাকে, এক পৃষ্ঠা হ্যান্ডরাইটিং লিখতে বল্লে এরুম-সেরুম পালিয়ে বেড়ায়। কত বকাঝকা করি, তবুও নামতা শেখাতে পারিনা। মেয়ে আমার কি বোকা, বুঝেইই না, যে এলোমেলো ঘর গোছানোর চেয়ে হ্যান্ডরাইটিং কিংবা নামতা প্র্যাক্টিস করা কত্তো সোজা!!!
(প্রথম প্রকাশ )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


