
আপাতত কোথাও কোন পোষ্টার নেই, নেই কোন মিছিলও
কয়েকদিন আগেও যারা পোষ্টার দিয়ে স্বর্গ বানিয়েছিল
সারা দেশের অনেক দেয়াল, গাছের ডাল, বিদ্যুতের খুঁটি
জয় জয় বলে চিৎকার করছিল; মাত্র দু'দিনের বৃষ্টিতে
সব শেষ
এখন ন্যাংটো বাবার লম্বা চুলের মত রশিগুলো কেবল ঝুলছে...
যদিও এটাকে অভিশাপ বা আশীর্বাদ কোনটাই বলা যায় না, কারণ
ক্ষমতা নবায়ন করার চেয়ে পুনরায় পোষ্টার লাগানো আরো সহজ ।
আর যারা এখনো কোন পোষ্টার'ই লাগাতে পারেনি, তারা
ঘরে বসে পাকা চুল আরো কয়েকবার কলপ করে নিতে পারে
ততক্ষণে বাইরে মুশলধারে বৃষ্টি হোক; ভেসে যাক গ্রাম,মাঠ, শহর...
তারপর, শীতের কুয়াশায় ঢেকে যাক সবার মুখ
কে তুমি গণতন্ত্রকে ফিরিয়ে দিতে চাও, শহীদ ?
মৃত্যুর পর বরং তোমাকে একটু ইয়াং ইয়াং দেখাক...
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



