
কুয়াশা কেটে যাবার পরও কিছু মুখ আড়ালে থেকে যায়
তখন দৃষ্টি প্রশারিত করলেও দেখা যায় না সে মুখ
তারপর চৈত্রের খরতাপে আমাদের কপালের ঘাম
জমতে জমতে একদিন পাথুরে নদী হয়,
বর্ষা আসলেও যার বহুতল ছাদের কার্ণিশে
ঢাকা পড়ে যায় বৃষ্টি-ধোয়া আকাশ ।
আমাদের শিউলিহীন শরৎ আর হেমন্তের ধানকাটাহীন মাঠ,
কেমন আছো, ভাল আছির মতো বরাবরই ভার্চুয়াল
তবু কিছু মুখ, কাছে কিংবা দূরে - যেন আগুনে ফুল
যার কোন লেলিহান শিখা নেই, তবে দীপ্তি আছে;
চোখ বন্ধ করলেও যা দিব্যি দেখা যায়
তার মুখোমুখি বসলে পাথুরে নদীতেও জল আসে
তখন ধানসিঁড়ি হাসে আর জীবনানন্দকে আমন্ত্রণ জানায়...
সর্বশেষ এডিট : ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



