
মঙ্গলে যেতে পারিনা বলে মনে হয় রয়ে গেছি পৃথিবীতে । কারণ, যে বৃষ্টির জন্য আমি প্রায়ই চাতকপাখি হয়ে যেতাম, সেরকম বৃষ্টি হলো আজ দুপুরে, একেবারে মুশলধারে । আমি একবারও চেয়ে দেখলাম না, নেচে উঠা তো দূরের কথা । আমার কুজঝুটিকা চোখ এখন শুধুই খাটের এপাশ-ওপাশ, মাঝে মাঝে টিকটিকির শব্দে শুনতে পায় মৃত্যুর পয়গাম । অথচ ভাবতে পারিনা, এখনি কেন মরতে হবে আমাকে ! এখনো তো কত কত কাজ পড়ে আছে আমার !
কয়দিন আগে তিনজন নভোচারী পৃথিবীতে অবতরণ করার পরই তাদেরকে হোম কুয়ারেন্টাইনে পাঠানো হলো; তারমানে মহাকাশে এখনো দীর্ঘ বসবাসের উপযোগী হয়নি মানুষের । আর আমি চাই মঙ্গলে যেতে ! আচ্ছা, বেঁচে থাকাটা খুব কি জরুরী ? না থাকলে কি হয় ? মরতে তো হবেই, আজ অথবা কাল । যেখানে প্রাণী জগতের বেশ কিছু পশুর মধ্যেও করোনাভাইরাস পজিটিভ পাওয়া যাচ্ছে সেখানে আমি, আপনি, আমরা কতটা নিরাপদ ?
বৃষ্টির পর দুপুরে জানলাম, গত চব্বিশ ঘন্টায় আক্রান্ত পাচ'শ ছাড়িয়েছে । এখন কি জায়নামাজে বসব, নাকি নাস্তিকদের সাথে সুর মিলিয়ে বলব - ধর্ম তোমাকে বাঁচাতে পারেনি, বাঁচিয়েছে বিজ্ঞান ।
মহান আল্লাহ,তুমি ক্ষমা করো । তোমার সকল সৃষ্টির মাঝ থেকে কিছু কণা, উপকণার রূপান্তর ঘটানোর শক্তি দাও মানুষকে, যা দিয়ে করোনার মত মহামারি রোগ থেকে বাঁচাতে পারে মানুষ তোমার সৃষ্টির সেরা জীবকে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

