ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১৭৪ রানেই অলআউট। অল্প পুজির কারণে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা নিয়ে সংশয় জাগাটাই স্বাভাবিক। সেই সংশয় কাটিয়ে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশের স্বপ্ন জাগিয়ে তুলেছিলেন বাংলাদেশের বোলাররা। রুবেল হোসেনদের তোপের মুখে মাত্র ২০ রানেই চলে গিয়েছিল পাঁচ উইকেট। কিন্তু এ বিপর্যয় সামলে নিয়েছে ভেট্টোরি-এলিয়ট জুটি। ৪৩ রান করে ভেট্টোরি ফিরে গেলেও এ রিপোর্ট লিখা পর্যন্ত ৪৩ ওভারে ৭ উইকেট হারিয়ে সফরকারীরা তুলেছে ১৪৪ রান।
এর আগে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের প্রত্যয় দিয়ে মাঠে নামা বাংলাদেশের প্রথম ধাপটা প্রত্যাশামতো হয়নি। মিরপুরে সিরিজের শেষ এক দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ৪৪.২ ওভারে মাত্র ১৭৪ রানে অলআউট হয় সাকিব আল হাসানের দল।
ব্যাটিং বিপর্যয়ের শুরুটা হয়েছিল শাহরিয়ার নাফিসকে (১১) দিয়ে। দলীয় মাত্র ১৫ রানে সাজঘরে ফেরেন তিনি। মাহমুদউল্লাহ ১৯ ও জুনায়েদ সিদ্দিকী করেন ১০ রান। রকিবুল হাসান, সোহরাওয়ার্দী শুভ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম ও রুবেল হোসেন কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।
ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও প্রতিরোধের দেয়াল গড়ে তোলার চেষ্টা করেছেন ইমরুল কায়েস, সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। উদ্বোধনী ব্যাটসম্যান কায়েস করেন ৩৪ রান। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক সাকিব। আর মুশফিকুর রহিমের সংগ্রহ ২৯। নিউজিল্যান্ডের হয়ে মিলস ও ভেট্টোরি তিনটি করে উইকেট শিকার করেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


