
আমরা ভুলে যেতে পারি করমর্দন;
এতটুকু সৌজন্যবোধ আমরা ভুলতেই পারি বেঁচে থাকার চেষ্টায়,
তবু কী বেঁচে থাকা যায়?
এক এক করে ঝরে পড়ছে সময়
ঝরে পড়ছে কতনা মূল্যবান প্রাণ
অবশ্য জন্মেছি যখন মরতে তো হবেই।
একদিন মহামারী শেষ হবে
আমাদের পরবর্তী প্রজন্ম জানবে কত প্রাণের অসময়ে চলে যাবার বিনিময়ে
আমরা জেনেছিলাম,-কিভাবে বন্ধ করা যায় RNA ভাইরাসের মিউটেশন ।
একদিন মহামারী শেষ হবে
আবার ঘুরবে প্রগতির চাকা
সচল হবে মিল-কল-কারখানা,
তবে তার আগে আমরা ফিরতে বাধ্য হবো-
মাটির কাছে,-কৃষির কাছে।
একদিন সুন্দর এক সকাল হেসে উঠবে এই পৃথিবীতে
আমরা মেতে উঠবো উৎসবে
আলিঙ্গনে আবদ্ধ হবো একে অপরের সাথে
রাখবো হাতে হাত সুনীল আকাশের নীচে।
জনারণ্যে মিশে যাবো আমরা সকলে
একদিন মহামারী শেষ হবে
আমরা সকলে উড়বো মুক্ত আকাশে
প্রাণ ভরে শ্বাস নিতে ,-মুখোশ বিহীনভাবে।
২১/০৪/২০২১
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




