ঐদই। আকাশমার্গে এমন একটি শব্দ শুনে আমি অবাক হয়ে গেলাম।শব্দটি বুঝেছি। এটি একটি ম্রো শব্দ বিশেষ,যার অর্থ কিছুই নেই। প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে এমন একটি শব্দ শুনলাম যা সাধারন মানুষের মুখ থেকে নিঃসৃত কোন শব্দ নয়। অনেক টা দৈব বাণীর মত।
শৈশবে- সেই ১৯৭৩ ইং সালে আলীকদম সদর থেকে প্রায় ৬০ কি:মি: পাহাড়ীয়া শ্বাপদিত চড়াই উতরাই সরুপথে এবং সুউচ্চ পাহাড় শীর্ষে কাইবুত ম্রো কার্বারী পাড়ায় পড়া লেখা করেছি। এক পার্শ্বে কাইবুত ম্রো কার্বারী পাড়া,অপর পার্শ্বে মেলাঅং ত্রিপুরা কার্বারী পাড়া,মাঝখানে দু’পাড়ার মানুষের আর্থিক সহায়তায় এবং কোন সরকারী বা বেসরকারী সংস্থার সাহায্য ব্যতীত প্রতিষ্ঠিত প্রাইমারী স্কুল। আমার ছোট চাচা ছিলেন সেই স্কুলের শিক্ষক। ম্রো ও ত্রিপুরা সঙ্গী সাথীদের সাথে থাকার ফলে তাদের ভাষা সর্ম্পকে বেশ ধারনা এসেছিল। সেই সোনালী শৈশব অতিবাহিত হয়েছে অনেক বছর আগে। সকাল -দুপুর গড়িয়ে এখন বিকেল।
মেঝ মেয়ে অসুস্থ। ছেলেমেয়েরা অসুস্থ হলে আমি খুব নার্ভাস হয়ে পড়ি। তাই লেখালেখি প্রায় ছেড়ে দিয়েছি। সেই ছাত্র জীবন থেকে ছড়া,কবিতা লেখা শুরু। তা যদি জমা থাকলে এতদিন অনেক কাব্য ও কবি হিসেবে পরিচিতি লাভ কোন কঠিন ব্যাপার ছিল না। আমি আগে না ঘুমিয়ে সারা রাত কল্পনা করে কাটিয়ে দিতে পারতাম। এটা এক প্রকার সুখ লাগে বৈকি। কিন্তু বাস্তবতা বড়ই দুঃখের।জগতে যত কবি সাহিত্যিক আছেন তাঁদের পরিচিতি সবার মাঝে বিদ্যমান কিন্তু তাঁদের বংশধর বা সন্তান সন্ততিরা আমাদের কতটুকু পরিচিত? বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উত্তরসুরীরা আমাদের কতটুকু পরিচিত?তাঁদের লেখনীতে সবাইকে মোহিত করলেও নিজেরা কতটুকু সুখী ছিলেন আমার একান্ত কৌতুহল ও সন্দেহ রয়েছে। সব হারিয়ে বোধ হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গেয়েছেন; “পদ্মা ঢেউরে---,মোর শূন্য হৃদয় পদ্মা নিয়ে যারে”।
দেশের বিভিন্ন কবি সাহিত্যিকদের সান্নিধ্যে গিয়ে একটা ধারনা পেয়েছি যে,পরিবার পরিজনের সান্নিধ্য তততা তাঁদের সুখদায়ক নহে। এই কল্পনা বা কবিতা লেখা লেখি না করে ব্যায়াম করলে অনেক বাস্তবতা ও সুখী হওয়া যাবে মনে করে কবিতা লেখা প্রায় ত্যাগ এবং পদব্রজে ভ্রমণ করে যাচ্ছি।
আমাদের পরম শ্রদ্ধেয় তথাগত ভগবান বুদ্ধ বলেছেন,“জন্মই দুঃখ”। যত দুঃখের কথা তিনি বলেছেন তার মধ্যে “প্রিয় বিয়োগ দুঃখ” একটি। আমার প্রিয় বাবা কে হারালাম, প্রিয় মাকে হারালাম। সন্তান সন্ততিকে আমার মরনের আগে বিয়োগের কল্পনা ও করতে পারিনে। অজানা আশংকায় কেমন জানি অতি খারাপ লাগে।এই সব নিয়ে বাড়ীর পার্শ্বে টয়লেটে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েই ভাবতে ছিলাম।
“ঐদই” হটাৎ আকাশ মার্গে এমন একটি শব্দ শুনতে পেয়ে অবাক হলেম বৈ কি।আমার জপ করা এই সেই “অনাত্ম” বা ঐদই। “অনিত্য,দুঃখ,অনাত্ম”। অনিত্য- জগতে সকল কিছু নিত্য নয়,পরিবর্তনশীল। আজ থেকে ৪০ বছর পূর্বে এই আলীকদমে যেই প্রকৃতি পরিবেশ দেখেছি, যে মাঠ ঘাট মানুষ জন দেখেছি তা আজ নেই, বর্তমানে যে পরিবেশ ও মানুষ জন. পশু-পাখী,কীত পতঙ্গ রয়েছে তা ৪০ বছর পরে থাকবে কিনা সন্দেহ রয়েছে। এই যে স্রষ্টার সৃষ্টির অমোঘ নিয়ম“অনিত্য”।“দুঃখ”, জন্মই দুঃখ। জন্মের সাথে সাথেই কান্না দিয়ে এই পৃথিবীতে সবাই দুঃখের সাগরে প্রবেশ করে। কাঙ্খিত বস্তু অপ্রাপ্তী দুঃখ,অপ্রিয় সংযোগ দুঃখ, প্রিয় বিয়োগ দুঃখ,জড়া দুঃখ,ব্যাধি দুঃখ ও মরন দুঃখ। “অনাত্ম” । অনাত্ম বলতে যা বুঝায় তা হচ্ছে, এই আত্মা আমার নয়, আমার বলতে কিছুই নেই-“ঐদই”। যেখানে অনাত্ম বা “ঐদই” সেখানে প্রিয় বিয়োগ দুঃখ নিয়ে ভাবনা করা কোন মানে নেই।এই দেহের আত্মা টাই যেখানে আমার নয়,সেখানে আমার স্ত্রী, ছেলে, মেয়ে,আত্মীয় স্বজন এবং এই পৃথিবীর সকল বস্তু বা সম্পত্তি আমার হয় কি করে? সুতরাং “ঐদই” শব্দটিই যথার্থ।
আশির দশকে বান্দবানের সোয়ালক ম্রো-আবাসিক বিদ্যালয়ের ষষ্টশ্রেণী ছাত্র “মেনলে ম্রো” -ম্রো জনগোষ্ঠীর জন্য যে বিধান দিয়ে গেছেন তা অনন্য ও অতুলনীয়।তিনি আজ আমাদের মাঝে নেই অর্থাৎ নিখোঁজ কিন্তু দিয়ে গেছেন নতুন এক বিধি বিধান। এই নিয়ে ম্রো সেটের প্রতিষ্ঠাতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক অধ্যাপক প্রয়াত মোফাজ্জরুল হক সাহেবের সাথে অনেক আলাপ হয়েছিল।তিনি ম্রোদের নিয়ে বিভিন্ন আর্থ-সামাজিক জড়ীপ ও গবেষনা করে এই পার্বত্য এলাকায় তাঁর শিষ্যদের নিয়ে ভ্রমন করেছিলেন।
কিংবদন্তী আকারে ম্রোদের মাঝে প্রচলিত আছে যে, স্রষ্টা কর্তৃক গরুর মাধ্যমে ম্রোদের কাছে ধর্মীয় গ্রন্থ পাঠানো হয়। ধর্মীয় গ্রন্থটি কলার পাতায় লেখিত ছিল। স্রষ্টা কর্র্তৃক আসার পথে গরু ক্ষুধার জ্বালায় সেই কলার পাতায় লেখা ধর্মীয় গ্রন্থটি খেয়ে ফেলে। ফলে গ্রন্থটি আর ম্রোদের কাছে হস্তান্তর হয়নি। ক্ষোভে সেই থেকে ম্রোরা সবাই মিলে গো-হত্যা করে জিহ্বা কেটে নেয় এবং নাচ গানের উৎসব করে। যা সেই আদিকাল থেকে অদ্যাবধি“ম্রোদের গো হত্যা উৎসব” বা Cow killed festival হিসেবে শুধু দেশে নয়, আন্তরজাতিক ভাবেও পরিচিত। প্রতি বছর অনেক পর্যটক এই উৎসব দেখার জন্য এই পার্বত্য উপত্যকা ভ্রমন করেন।
প্রবর্তক মেনলে ম্রো আর্বিভ’ত হবার পর অধিকাংশ ম্রোদের বিশ্বাস জন্মেছে যে,মেনলের মাধ্যমে তাঁদের ধর্মীয় গ্রন্থ তাঁরা ফেরত পেয়েছে। এই মেনলে ম্রো আজ অদৃশ্য, কোথাও তাঁর হদিস পাওয়া যাচ্ছে না,তাঁর ভক্তদের বিশ্বাস, তিনি একদিন ফিরে আসবেন। তিনি ম্রোদের বর্ণমালা সহ অনেক ধর্মীয় নিয়মাবলী দিয়ে গেছেন। ম্রো-রা আগের মত গো হত্যা করে না। সরকারী বা দাতাদের পৃষ্ঠপোষকতা ছাড়া তাঁরা প্রায় গো হত্যা উৎসব ছেড়ে দিয়েছে। এই ক্রামা ধর্মের অনুসারীরা প্রায় প্রাণী হত্যা করে না,যা বৌদ্ধ ধর্মের রীতিনীতির সাথে সাদৃশ্য বিদ্যমান। এই মেনলে ম্রো যে বর্ণমালা দিয়ে গেছেন তা তাঁদের মাঝে প্রচলন শুরু হয়ে গেছে।কক্সবাজার জেলা চকরিয়ার মালুমঘাটে “খৃষ্টান মেমোরিয়াল হসপিতাল” কর্তৃক কম্পিউটারের ম্রো বর্ণমালা সফ্টওয়ার তৈরী করা হয়েছে এবং ঢাকা গণস্বাস্থ্য কেন্দ্র কর্তৃক প্রথম থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক প্রণয়ন করে প্রায় ম্রো পাড়ায় প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। বিগত ২০০৮ইংসালে আলীকদম উপজেলার অন্তরগত মেরিংচর এ “ম্রো চা চাংরা” উদ্ভোধনের জন্য আমাদের আমন্ত্রন জানানো হয়েছিল।আমরা তাতে অংশ নিয়ে ম্রো পাঠ্য কার্যক্রমের সাথে পরিচিত ও ক্রামা ধর্মের ধর্মগুরুদের সাথে পরিচিত হয়েছিলাম। আমাদের বৌদ্ধ ধর্মের বিধি বিধানে ধর্মের ছয়গুনে বর্ণিত রয়েছে;
“যে চ অতীতাচ,যে চ ধর্ম অনাগত,
পচ্চু পনাচ্চ অহং বন্দামী সব্বদা” অর্থাৎ যে সকল ধর্ম গত হয়েছে,যে সকল ধর্ম আসবে, আমি সকল ধর্মকে বন্দনা করছি। সুতরাং আমাদের কোন ধর্মই অবজ্ঞার নয়।
“ঐদই” দৈববাণীর মত আকাশ মার্গে শব্দটি শুনলাম। আছে পাশে কোন জনপ্রাণী ছিল না। শৈশবে ম্রো পাড়ায় ছিলাম এবং ম্রোদের সাথে মেলামেশা করি বিধায় এই শব্দটি বুঝতে কোন অসুবিধা হয়নি।আমি আমার অন্তরের অন্তস্থল থেকে “ক্রামা ধর্ম” এবং ক্রামা ধর্মের প্রবর্তক মেনলে ম্রোর প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



