বাংলাদেশে সব ধরনের সফটওয়্যার আমদানি ও রপ্তানির ক্ষেত্রে শুল্কমুক্ত সুবিধার সময়সীমা আরও বাড়াতে হবে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শিল্পের উন্নয়নে কর্তৃপক্ষ গঠন এবং এ শিল্পের উন্নয়নে ৭০০ কোটি টাকার একটি আইসিটি উন্নয়ন তহবিল গঠন করতে হবে। সারা দেশে কম্পিউটার সফটওয়্যার ও আইসিটি শিল্প খাতের বিপরীতে জামানতবিহীন ঋণ দিতে হবে।
গতকাল রাজধানীর একটি হোটেলে জাতীয় বাজেট প্রণয়নের আগে ‘জাতীয় আইসিটি নীতিমালা ও কর্মপরিকল্পনা বাস্তবায়ন : প্রেক্ষিত জাতীয় বাজেট’ শীর্ষক সেমিনারে এসব দাবি জানানো হয়। দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের তিন সংগঠন—বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞান ও আইসিটি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা দিয়েছে, সে লক্ষ্যে যেকোনো ধরনের সঠিক সিদ্ধান্ত নিতে কার্পণ্য করা হবে না।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেন, এ সেমিনারে আসা গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো ধীরে ধীরে হয়তো বাস্তবায়ন করা যাবে। সেমিনারে বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার, বেসিসের সভাপতি মাহবুব জামান, আইএসপিএবির সভাপতি মো. আখতারুজ্জামান, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য আমিনুর রহমান, বেসিসের জ্যেষ্ঠ সহসভাপতি এবং আরও অনেকে সেমিনারে আলোচনা করেন।
সেমিনারে বক্তারা বলেন, ইন্টারনেট ব্যবহারকারীদের এখন ১৫ শতাংশ কর দিতে হচ্ছে। এতে ইন্টারনেট ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছে। ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে কর পুরোপুরি তুলে নেওয়া উচিত। সঠিকভাবে সংজ্ঞায়িত না হওয়ায় বিভিন্ন সফটওয়্যার বা প্রযুক্তি পণ্যকে অন্য পণ্যের আওতায় ধরা হচ্ছে। ফলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে একেক সময় একেক রকম আয়কর দিতে হচ্ছে। এ শিল্পের সুবিধায় সফটওয়্যার ও প্রযুক্তি পণ্যের জন্য একটি নতুন সার্ভিস কোড ঘোষণা করারও দাবি জানিয়েছেন বক্তারা।
বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কম্পিউটার ও নেটওয়ার্কিং সামগ্রীর ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক ধার্য করা আছে, কিন্তু একই ধরনের পণ্যে অনেক কম শুল্ক আরোপ করা আছে। এ ক্ষেত্রে সব ধরনের পণ্যের ক্ষেত্রেই সম্পূর্ণ শুল্ক মওকুফের আবেদন জানান বক্তারা। —মোছাব্বের হোসেন
সূত্র : Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



