১
আর কত রহস্য তুমি গোপন করে রাখবে?
ঘুঙুরের রিনিঝিনির মানে তুমি উন্মুক্ত কর, হে বালিকা!
২
বালিকা, তুমি চোখ বন্ধ করলেই
গড়িয়ে পড়ে চকচকে চন্দ্রমল্লিকার ঘ্রাণ,
যে ঘ্রাণে সারি সারি করে সাজানো থাকে
চুম্বন বিষয়ক রসালো পাপড়িগুলো।
৩
আমার চোখ প্রায়ই উঁকি দিয়ে দেখে,
তোমার শুকনো শরীর ভিজে উঠতে
আর কত প্রহর বাকি, অথবা
আর কত চৈত্রালী রোদের প্রয়োজন।
৪
অতঃপর তোমার ঠোঁট ফসকে
চুম্বন মাটিতে পড়লো,
সে মাটি আজ উর্বর।
সে মাটিতে এক যুবক চুম্বন চাষ করে।
৫
বালিকা,
তোমার রেখে যাওয়া ফুল
আমি আজও পাহারা দেই,
আজও সে ফুলে সাজানো হয়
অতিথি পাখি দম্পতির কুয়াশা রাতের শয্যা।
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



