আর বলব না কোনোদিন, 'তোমাকে ভালোবাসি',
বুক চিরে দেখাবো না হৃদয়ের প্রকোষ্ঠ,
রক্তের হাহাকারে শুকনো শিরা-উপশিরা-জালক,
লুকিয়ে রাখব তর্জনীর নিপুণ খেলায়,
অপারেশন টেবিলে ডাক্তারের সুদক্ষ কারিগরি।
জ্বালব না দাউদাউ আগুন,
হৃদমাঝারে খান্ডবদাহন-
কারণ তার আঁচ যে তোমাকেও পোড়ায়,
তাই প্রদীপের শিখা জ্বলবে,
নিজেকে পোড়ানোর অসীম অভিপ্রায়।
তাহলে কেন ভালোবাসব?
তোমাকে ভালোবাসার অধিকারহীনতায়
তবে যে জীবনের দ্বীপটুকুও নিভবে,
এ এক কঠিন বাস্তব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

