
ব্লকবাস্টার সিনেমাসে এসেছে রোমান সাম্রাজ্যের ওপর ভিত্তি করে বানানো হলিউডের ছবি ‘বেন হার’। থ্রিডি ফরমেটে উপভোগ করতে পারবেন ছবিটি। ১০০ মিলিয়ন বাজেটের ছবিটি মুক্তি পায় গত ১৯ আগস্ট।
ছবিটি ১৯৮০ সালে প্রকাশিত লিও ওয়ালেসের উপন্যাস 'বেন-হার : এ টেল অব দ্য ক্রাইস্ট' থেকে নির্মিত হয়েছে। যদিও এই গল্প থেকে ১৯২৫ সালে নির্বাক ছবি, ১৯৫৯ সালে সবাক ছবি যেটা অস্কারে সেরা ছবি হিসেবে পুরস্কার পায় এবং ২০০৩ সালে অ্যানিমেটেড ছবি হিসেবে নির্মিত হয়।
১২৩ মিনিট ব্যাপ্তি ২০১৬ সালের এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জ্যাক হাসটন, টবি কেবেল, রডরিগো সান্তারো, মরগান ফ্রিম্যান প্রমুখ। ছবির কাহিনী আবর্তিত হয় বেন হার (জ্যাক) এবং মেসালাকে (টবি) ঘিরে, যারা দুই অন্তরঙ্গ বন্ধু। মেসালাকে নিজের পরিবারের অংশ মনে করে বেন হারের পরিবার। বেনের মা মেসালাকে নিজের ছেলের মত স্নেহ করে। সময়ের আবর্তনে মেসালা মনে করতে শুরু করে যে বেনের পরিবার আসলেই তাকে আপন মনে করে না। তাই সে রাগ করে রোমের সৈন্যবাহিনীতে যোগদান করে। তিন বছর পর ফিরে আসলেও বেনের সাথে কথা কাটাকাটি এবং অন্যান্য কারণে বেনের বোন এবং মাকে ফেরে ফেলার নির্দেশ দেয়। আর বেনকে দাস বানিয়ে রাজ্য ছাড়া করে। তারপরের কাহিনী আর বলছি না, কাহিনী জানতে দেখতে হবে ‘বেন-হার’ ছবিটি। তবে এই ছবির কাহিনী যীশুর জীবদ্দশার সময়কার। আর ছবিতে যীশুর চরিত্রও আছে পার্শ্বচরিত্র হিসেবে। আর ছবিতে দেখানো হয়েছে ক্ষমাশীলতা এবং মহত্ত্বের অসাধারণ দৃষ্টান্ত।
ছবিতে সকলের অনবদ্য অভিনয় মন ছুঁয়ে গেছে। অসাধারণ ছিল শিল্প নির্দেশনা এবং রূপসজ্জার ব্যাপারগুলোও। ভালো ছিল আবহ সংগীত। ছবিতে ‘কিং অ্যান্ড কান্ট্রি’ নামের একটি মেটাল এবং ‘দ্যা অনলি ওয়ে আউট’ শিরোনামের একটি সফট মেলোডিয়াস গান ব্যবহার করা হয়েছে যা ছবিতে এনেছে ভিন্ন এক মাত্রা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

